বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

অর্থনৈতিক অগ্রযাত্রায় খালেদা জিয়ার অবদান স্মরণে ব্যবসায়ী মহলের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলো তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। রাজধানীর একটি হোটেলে সোমবার (৫ জানুয়ারি) আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে তাঁকে ‘পথিকৃৎ নেতা’ হিসেবে বর্ণনা করা হয়।

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশসহ এফবিসিসিআই, ডিসিসিআই, এমসিসিআই, সিসিসিআই, এফআইসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, বিএবি, বিআইএ, বিসিআই, বিএপিআই, বিএপিএলসি, বিএসআইএ, বিসিএমএ এবং এবিবি’র মতো শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলো যৌথভাবে এ আয়োজন করে।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করেছিলেন। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর গুরুতর অসুস্থতা সত্ত্বেও খালেদা জিয়া জাতির জন্য আশার বার্তা দেন—“প্রতিশোধ নয়, ঐক্য ও ভালোবাসার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের আধুনিক অর্থনীতি ও গণতান্ত্রিক কাঠামো গঠনে খালেদা জিয়ার অবদান অনন্য। তিনি তাঁকে গণতন্ত্রের ‘মশালবাহক’ হিসেবে অভিহিত করেন এবং উল্লেখ করেন যে বেসরকারি খাত-নির্ভর প্রবৃদ্ধি কৌশলকে তিনি দৃঢ়ভাবে এগিয়ে নিয়েছিলেন।

আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান বলেন, ১৯৯১ সালের নির্বাচনে জয়লাভের মাধ্যমে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। তাঁর নেতৃত্বে দারিদ্র্য হ্রাস, মানব উন্নয়ন এবং বৈদেশিক বিনিয়োগে উল্লেখযোগ্য অগ্রগতি হয়। তিনি কাফকো সার প্রকল্পের মতো আন্তর্জাতিক অংশীদারিত্বের উদাহরণ তুলে ধরেন।

এফবিসিসিআই প্রশাসক আবদুর রহিম খান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার বাংলাদেশের গণতন্ত্র ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি স্থাপন করেছে। ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, দায়িত্ব গ্রহণের সময় অর্থনীতি স্থবির থাকলেও খালেদা জিয়া উন্মুক্ত বাজারনীতি, উদ্যোক্তা-বান্ধব নীতি এবং ভ্যাট আইনসহ ঐতিহাসিক সংস্কার চালু করেছিলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এমসিসিআই সভাপতি কামরান টি. রহমান, বিএবি সভাপতি আবদুল হাই সরকার, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বিসিআই সভাপতি আনোয়ারুউল আলম চৌধুরী (পারভেজ), বিআইএ সভাপতি সাঈদ আহমেদ, বিজিএমইএ সভাপতি ইনামুল হক খান, বিএসআইএ সভাপতি এম এ জব্বার ও বিসিএমইএ সভাপতি মোহাম্মদ আমিরুল হক।

ব্যবসায়ী মহল মনে করে, গণতন্ত্র ও অর্থনীতিতে বেগম খালেদা জিয়ার অবদান বাংলাদেশের ইতিহাসে স্থায়ীভাবে স্মরণীয় হয়ে থাকবে।