বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ক্ষমতায় এলে ব্যবসায়ীদের পাশে থাকার প্রতিশ্রুতি তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেছেন। রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শুরু হওয়া বৈঠকটি টানা আড়াই ঘণ্টা স্থায়ী হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ উপস্থিত ছিলেন। আলোচনায় দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, শিল্পায়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়। ব্যবসায়ীরা তাঁদের বর্তমান সমস্যাগুলো তুলে ধরেন—যেমন বিনিয়োগ স্থবির হয়ে পড়া, কর্মসংস্থান হ্রাস, ব্যাংকিং খাত ও ক্যাপিটাল মার্কেটের সংকট, আমলাতান্ত্রিক জটিলতা, উচ্চ সুদের হার, দুর্নীতি ও চাঁদাবাজির চাপ।

বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, তারেক রহমান ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন যে, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে ব্যবসাবান্ধব ও বিনিয়োগ-সহায়ক পরিবেশ নিশ্চিত করা হবে। তিনি বলেন, বিএনপি অতীতে ব্যবসায়ীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন জানান, তারেক রহমান আন্তরিকভাবে ব্যবসায়ীদের কথা শুনেছেন এবং সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, “আমাদের সাফল্যই সরকারের সাফল্য। তাই যে সরকারই আসুক, ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে।”

ব্যবসায়ী প্রতিনিধিরা বৈঠকে স্টক মার্কেটকে গতিশীল করা, ব্যাংক খাতের উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং মব কালচার বন্ধের দাবি জানান। আনোয়ার উল আলম চৌধুরী বলেন, কর্মসংস্থান সৃষ্টি এখন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর তা ব্যবসায়ীদের সঙ্গে কাজ করেই সম্ভব।

তারেক রহমান বৈঠকে শুধু প্রতিশ্রুতি দেননি, বরং প্রতিটি সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে ব্যবসায়ীদের মতামত নিয়েছেন। তিনি জানান, বিএনপির ভেতরে ইতোমধ্যে এসব সমস্যা সমাধানে নীতিমালা প্রণয়ন করা হয়েছে এবং বাস্তবায়নের কৌশলও নির্ধারণ করা হয়েছে।

আমীর খসরু বলেন, বিএনপি অতীতে সবচেয়ে বেশি বিনিয়োগ, কর্মসংস্থান ও রপ্তানি বৃদ্ধির রেকর্ড করেছে। বিএনপির সময়ে শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়নি, ব্যাংক লুটপাট হয়নি, টাকা পাচার হয়নি। এ কারণেই ব্যবসায়ীরা বিএনপির ওপর আস্থা রাখছেন।

বৈঠক শেষে ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, বিএনপি ক্ষমতায় এলে তাঁদের সমস্যার সমাধান হবে এবং দেশের অর্থনীতি আবারও এগিয়ে যাবে।

বৈঠকে অংশ নেন তারা হলেন-ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসেইন আকবর আলী, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও এ কে আজাদ, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিটিএমএর সাবেক সভাপতি মতিন চৌধুরী, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, উত্তরা মোটর করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান মতিউর রহমান, এমসিসিআইয়ের সভাপতি কামরান টি রহমান, বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক, এমসিসিআইয়ের সাবেক সভাপতি নিহাদ কবির, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিটিএমএর সভাপতি শওকত আজিজ, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম, আইসিসি বাংলাদেশের নির্বাহী সদস্য ও ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান, প্রাণ গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী।

এছাড়াও পারটেক্স গ্রুপের আজিজুল কায়সার, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি হোসেন খালেদ, ডিসিসিআইয়ের সভাপতি তাসকিন আহমেদ, বিজিএপিএমইএর সভাপতি মো. শাহরিয়ার, বিসিএমইএর সভাপতি ময়নুল ইসলাম, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির (বিএপিআই) সভাপতি আব্দুল মোকতাদির, বিএবির সভাপতি আব্দুল হাই সরকার, সিকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক, বিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামিম এহসান এবং ইউসিবিএলের চেয়ারম্যান শরীফ জহির উপস্থিত আছেন।