ঢাকার পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শনিবার (৩ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন, পরিবেশবান্ধব উৎপাদন ও রপ্তানি বহুমুখীকরণের অংশ হিসেবে পেপার প্যাকেজিং পণ্যকে ২০২৬ সালের ‘বর্ষ পণ্য’ হিসেবে নির্ধারণ করেছে সরকার।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, একসময় আমদানিনির্ভর এ শিল্প গত এক দশকে উদ্যোক্তাদের বিনিয়োগ, দক্ষ জনশক্তি এবং সরকারি সহায়তায় দ্রুত বিকশিত হয়েছে। বর্তমানে তৈরি পোশাক, ওষুধ ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানি হচ্ছে। বিশ্ববাজারে পরিবেশবান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য প্যাকেজিংয়ের চাহিদা বাড়ায় এ খাতকে সম্ভাবনাময় হিসেবে দেখা হচ্ছে।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুধু পণ্যের প্রদর্শনী নয়, বরং বাংলাদেশের নতুন উদ্যোগ, উদ্ভাবন ও বাণিজ্যিক উন্নয়নের প্রতিফলন। তিনি উল্লেখ করেন, রপ্তানি বৈচিত্র্য, নতুন বাজার অন্বেষণ, অর্থনৈতিক কূটনীতি জোরদার এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণই মেলার মূল উদ্দেশ্য।
এবারের মেলায় ৩২৪টি প্যাভিলিয়ন ও স্টল বরাদ্দ দেওয়া হয়েছে দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে। পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে, বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ব্যাগ সরবরাহ করবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও জুলাই আন্দোলনে আহতরা পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।
বাণিজ্য মেলার উদ্বোধন দুই দিন পিছিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের জাতীয় শোকের কারণে।
১৯৯৫ সাল থেকে নিয়মিতভাবে আয়োজিত এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশীয় পণ্যের প্রচার, শিল্পোৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশের ব্র্যান্ড ইমেজ শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।




