প্রথমবারের মতো অভিনয়ে নাম লেখালেন সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে উঠে আসা আলোচিত মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে ব্যস্ত সময় পার করলেও তিনি অভিনয়ে এলেন। নির্মাতাদের মতে, একটি বিশেষ মিশন নিয়েই তিনি পর্দায় হাজির হয়েছেন এবং মিশন শেষ হলে আবার আড়ালে চলে যাবেন।
ফরিদুল হাসানের পরিচালনায় বৈশাখী টিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক মহল্লা-এর ২৭তম পর্বে রহস্যজনক এক চরিত্রে দেখা যাবে মেঘনাকে। নাটকটি প্রচার হবে শনিবার (৩ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে।
মেঘনা আলম বলেন, “মিস আর্থ হওয়ার আগে বিনোদন জগতে কোনো অভিজ্ঞতা ছিল না। আমি তখন নেতৃত্ব ও রাজনীতির প্রশিক্ষক হিসেবে কাজ করতাম। তবে শৈশব থেকেই স্বপ্ন ছিল দেশের সেরা সুন্দরীর প্রতীক হয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করার। সেটি পূরণ হয়েছে। এবার অভিনয়ের অভিজ্ঞতাও হলো, সত্যিই দারুণ।”
তিনি আরও জানান, এতদিন তাঁকে সবাই অভিনেত্রী ভাবলেও তা ছিল ভুল। এবার থেকে তিনি সত্যিই অভিনেত্রী হয়ে গেলেন। তবে ভবিষ্যতে অভিনয় নিয়মিত করবেন কি না, তা এখনও সিদ্ধান্ত নেননি।
উল্লেখ্য, মেঘনা আলম বর্তমানে পরিবেশ আন্দোলন ও কৃষি বিষয়ক সেমিনার-সিম্পোজিয়ামে অংশ নিচ্ছেন এবং রাজনৈতিক প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন। আসন্ন জাতীয় নির্বাচনে তিনি ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।




