বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

চলতি অর্থবছরের ছয় মাসে মোংলা বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরে চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম ছয় মাসে রেকর্ড ১৭ হাজার ৩৮৭টি টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। এ সময়ে বন্দরে ২৮টি কন্টেইনার জাহাজ এবং মোট ৪৪০টি বিদেশী বাণিজ্যিক জাহাজ নোঙর করেছে, যা রাজস্ব আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জুলাই থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ৬৩.৭০ লাখ টনেরও বেশি পণ্য পরিবহন করা হয়েছে। একই সময়ে ৫ হাজার ২৪৪টি আমদানি করা গাড়ি ১৫টি জাহাজের মাধ্যমে বন্দরে এসেছে। এ ছাড়া ৬৩ লাখ ২৭ হাজার ৮৭০ টন পণ্য আমদানি এবং ৪২ হাজার ৬৭১ টন পণ্য রপ্তানি করা হয়েছে।

উপ-সচিব মো. মাকরুজ্জামান জানান, ২০২৪-২৫ অর্থবছরে বন্দরে ১.০৪ কোটি টন পণ্য পরিবহন করা হয়েছিল। ওই অর্থবছরে ১০.৪১ মিলিয়ন টন পণ্যসম্ভার পরিচালনার মাধ্যমে ৩৪৩.৩৩ কোটি টাকা রাজস্ব আয় হয় এবং নিট মুনাফা দাঁড়ায় ৬২.১ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২০৩ শতাংশ বেশি।

তিনি বলেন, খাদ্যশস্য, সিমেন্টের কাঁচামাল, ক্লিংকার, সার, অটোমোবাইল, যন্ত্রপাতি, চাল, গম, কয়লা, তেল, পাথর, ভুট্টা, তৈলবীজ ও এলপিজি আমদানি সহজতর করে জাতীয় চাহিদা পূরণে মোংলা বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, চিংড়ি, মাছ, হিমায়িত খাবার, কাঁকড়া ও অন্যান্য পণ্য রপ্তানিতেও সহায়তা করছে।

বন্দর সূত্র জানায়, মোংলা-ঘাসিয়াখালী রুটসহ বিভিন্ন নদীপথে ড্রেজিং কার্যক্রম সম্পন্ন হওয়ায় বৃহত্তর জাহাজ সরাসরি জেটিতে ভিড়তে পারছে। এতে নাব্যতা বৃদ্ধি পেয়েছে এবং জাহাজ আগমনও বেড়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, কন্টেইনার হ্যান্ডলিং, কার্গো ভলিউম এবং জাহাজ আগমনের তিনটি প্রধান বিভাগেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বন্দর উন্নয়ন ও সম্প্রসারণে নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত পরিদর্শন ও নির্দেশনা প্রদান করছেন।

মোংলা বন্দর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে।