বাংলাদেশের জনপ্রিয় গীতিকার ও সংগীতশিল্পী শফিক তুহিন তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করে একটি গান প্রকাশ করেছেন। ‘আপোসহীন নেত্রী’ শিরোনামের এই গানটি তিনি নিজেই লিখেছেন, সুর করেছেন এবং গেয়েছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শফিক তুহিন তাঁর ফেসবুক পেজ ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি প্রকাশ করেন। তিনি জানান, গানটি তৈরি হয়েছিল এ বছরের এপ্রিল মাসে। লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফেরার পর খালেদা জিয়া গানটি শুনেছিলেন। পরিকল্পনা ছিল বড় আকারে এর চিত্রায়ণ করে ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশ করার। তবে খালেদা জিয়ার অসুস্থতার কারণে সেই পরিকল্পনা আর এগোয়নি।
শফিক তুহিন বলেন, “৩০ ডিসেম্বর তিনি আমাদের ছেড়ে চলে গেলেন না-ফেরার দেশে। তাই এ দিনেই গানটি তাঁকে উৎসর্গ করে প্রকাশ করেছি।”
গানটির প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অনেকেই এটিকে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও সংগ্রামের প্রতিফলন হিসেবে দেখছেন। শফিক তুহিন এর আগে অসংখ্য জনপ্রিয় গান লিখে ও গেয়ে পরিচিতি পেয়েছেন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মাননা অর্জন করেছেন।




