বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

১ জানুয়ারি থেকে সব স্থলবন্দরে মাশুল বাড়ছে

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্থলবন্দরগুলোতে সেবা মাশুলের হার নতুন বছরের শুরু থেকে ৫ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

অন্য স্থলবন্দরের তুলনায় বেনাপোল স্থলবন্দরে মাশুল কিছুটা বেশি হওয়ায় আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বেনাপোল স্থলবন্দরে ২৭ ধরনের সেবার বিপরীতে মাশুল আদায় করা হয়। যাত্রীদের জন্য মাশুল ২০২৫ সালে ৪৯ টাকা ৭৯ পয়সা থেকে বাড়িয়ে ২০২৬ সালে ৫২ টাকা ২৭ পয়সা করা হয়েছে।

বেনাপোল দিয়ে আমদানি করা বাস, ট্রাক ও লরির প্রবেশ মাশুল এখন ১৮৪ টাকা ৭০ পয়সা, যা আগে ছিল ১৭৫ টাকা ৯০ পয়সা। মোটর কার, জিপ, পিকআপ ও থ্রি-হুইলারের জন্য মাশুল দাঁড়িয়েছে ১১০ টাকা ৮২ পয়সা। মোটরসাইকেল ও বাইসাইকেলের জন্য নতুন মাশুল ৩৬ টাকা ৯৫ পয়সা। এছাড়া ওজন মাপার যন্ত্র ব্যবহারে ট্রাক ও লরির জন্য ৮৮ টাকা ৬৫ পয়সা, কাগজপত্র প্রক্রিয়াকরণে ১৯৫ টাকা ৭ পয়সা এবং ইয়ার্ডে রাতভর অবস্থানের জন্য ১১১ টাকা ৪৯ পয়সা দিতে হবে। গুদামে পণ্য রাখার মাশুলও সময় অনুযায়ী বেড়েছে।

বেনাপোল ছাড়া অন্য স্থলবন্দরগুলোতেও একইভাবে মাশুল ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এসব বন্দরে যাত্রীদের জন্য মাশুল ৪৯ টাকা ৭৯ পয়সা থেকে বাড়িয়ে ৫২ টাকা ২৭ পয়সা করা হয়েছে। বাস, ট্রাক ও লরির জন্য নতুন মাশুল ১৫৯ টাকা ২২ পয়সা, যা আগে ছিল ১৫১ টাকা ৬৪ পয়সা। মোটর কার ও জিপের জন্য মাশুল দাঁড়িয়েছে ৯৫ টাকা ৫২ পয়সা এবং মোটরসাইকেল, স্কুটার, বেবি ট্যাক্সি ও থ্রি-হুইলারের জন্য ৪৭ টাকা ৮৩ পয়সা।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি বছরের মতো এবারও মাশুল বাড়ানো হয়েছে। স্থলবন্দরের আয়ের প্রধান উৎসই মাশুল, যা নতুন বছরের শুরু থেকে কার্যকর হবে।