বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

নতুন বছরের প্রথম প্রহরে আসছে প্রেম-স্বপ্নের নাটক ‘সাইফুল লাইব্রেরি’

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

গ্রামের লাইব্রেরিকে কেন্দ্র করে দুই তরুণ তরুণীর প্রেম, স্বপ্ন, সংকল্প ও বিচ্ছেদের পর পুনর্মিলনের গল্পে নির্মিত নাটক ‘সাইফুল লাইব্রেরি’। ২০২৬ সালের প্রথম প্রহরে ইউটিউবে মুক্তি পাচ্ছে নাটক নাটকটি। অপূর্ণ রুবেলের রচনায় নাটক ‘সাইফুল লাইব্রেরি’ পরিচালনা করেছেন রুবেল আনুশ। প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না।

নাটকটিতে অভিনয় করেছেন খায়রুল বাসার ও তানিয়া বৃষ্টি। নির্মাতারা জানিয়েছেন, নতুন বছরকে নিটোল প্রেমের গল্প দিয়ে শুরু করতে চান তাঁরা। তাই প্রথম প্রহরেই নাটকটি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাটকটি দেখা যাবে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।

গল্পে দেখা যাবে থানা শহরের ‘জ্ঞান বিকাশ লাইব্রেরি’র কর্মী সাইফুলকে। তার আন্তরিকতা ও দক্ষতায় এলাকার শিক্ষার্থীরা মুগ্ধ। বিশেষ করে এসএসসি ও এইচএসসির প্র্যাকটিক্যাল খাতার কাজে তার দক্ষতা শিক্ষার্থীদের কাছে তাকে জনপ্রিয় করে তোলে। এভাবেই তার সঙ্গে পরিচয় হয় এলাকার চঞ্চল মেয়ে তন্বীর। পরিচয় থেকে সখ্য, আর সখ্য থেকে জন্ম নেয় প্রেম। তবে প্রেম টিকিয়ে রাখতে তন্বী শর্ত দেন—সাইফুলকে নিজস্ব লাইব্রেরি খুলতে হবে।

শর্ত পূরণে অর্থের তাগিদে শুরু হয় সাইফুলের সংগ্রাম। দারিদ্র্য ও সামাজিক বাস্তবতা তাদের সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ায়। বিচ্ছেদ ঘটে প্রেমে। তবে সাত বছর পর নদীর ধারে তাদের পুনর্মিলন হয়, যেখানে তারা জীবনের না বলা গল্প শোনায় একে অপরকে।

নির্মাতা রুবেল আনুশ বলেন, “নাটকের গল্পটা সুন্দর, অভিনয়শিল্পীরাও বেশ ভালো অভিনয় করেছেন। আশা করছি দর্শকের ভালো লাগবে।” গত নভেম্বর ঢাকার বাইরে তিনদিন ধরে নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।