১৭ বছর পর আগামীকাল (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে শিল্পীদের আবেগও প্রকাশ পাচ্ছে সংগীতে। সেই আবেগ থেকেই তৈরি হয়েছে গান ‘নেতা আসছে’, যেখানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও সালমান রাজ।
গানটির কথা লিখেছেন মিজানুর রহমান, সুর করেছেন পলক হাসান সুমন, আর সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। সোমবার রাতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়, যেখানে গ্রন্থনা, পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চিত্রনায়ক হেলাল খান। গানটি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ইউটিউব ও ফেসবুকে, যা নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
এছাড়া ১৭ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এক কনসার্টে নাজমুন মুনিরা ন্যান্সি পরিবেশন করেন গান “আমার আগে আমরা, আমাদের আগে দেশ | ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ”। গানটি বিএনপি-সমর্থিত সাংস্কৃতিক উদ্যোগের অংশ হিসেবে প্রকাশিত হয় এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর আগে লন্ডনে যাওয়ার আগে ন্যান্সি তিনটি নতুন গানে কণ্ঠ দিয়েছিলেন। এর মধ্যে একটি গান সরাসরি তারেক রহমানকে নিয়ে রচিত। গানটির কথায় উঠে এসেছে— “তুমি খালেদা জিয়ার চোখের মণি, কোটি মানুষের প্রাণ / তুমি মেঘের আড়ালে জ্বলে ওঠা সূর্য / তারেক রহমান”। গানটির স্ক্রিপ্ট, কনসেপ্ট ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাহিম আল চৌধুরী। সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন, আর কণ্ঠ দিয়েছেন রবি চৌধুরী ও ন্যান্সি।
এই গানগুলো শুধু সংগীত নয়, বরং রাজনৈতিক আবেগ ও প্রত্যাশার প্রতিফলন। তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি শিল্পীদেরও অংশগ্রহণ দেখা যাচ্ছে। সংগীতের মাধ্যমে রাজনৈতিক আবেগ প্রকাশের এই ধারা বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করছে।




