জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে চুয়াডাঙ্গার নাটুদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে এ পর্ব।
এবারের পর্বে থাকছে দুটি গান। একটি পরিবেশন করেছেন স্থানীয় লোকসংগীত শিল্পী নাসরিন আক্তার বিউটি ও পান্থ কানাই। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। অপর গানটি চুয়াডাঙ্গার কৃষ্টিকথা ও ইতিহাসগাথা নিয়ে, যার কথা লিখেছেন শাহ আলম সনি, সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা, সঙ্গে নেচেছেন স্থানীয় নৃত্যশিল্পীরা।
প্রতিবেদন অংশে থাকছে চুয়াডাঙ্গার ইতিহাস-ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ স্থান-স্থাপনা নিয়ে তথ্যভিত্তিক প্রতিবেদন। শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত কাশিপুর জমিদার বাড়ি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিঘেরা আটচালা ঘর নিয়েও বিশেষ প্রতিবেদন প্রচারিত হবে। বিদেশি প্রতিবেদনে থাকছে আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের সামনের ওয়াক অফ ফেইম।
নিয়মিত দর্শক পর্ব, চিঠিপত্র পর্ব ও নাট্যাংশও থাকছে যথারীতি। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনায় আছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।




