বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ)-এর খসড়া চূড়ান্ত হয়েছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, আগামী মাসের শেষ নাগাদ চুক্তিটি স্বাক্ষরিত হবে। সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তীব্র দর-কষাকষির মাধ্যমে আমরা জাপানের সঙ্গে ইপিএ চূড়ান্ত করেছি। আগামী মাসে এটি সই হবে।”
এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো কোনো উন্নত দেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্বে যাচ্ছে। বাংলাদেশ জাপানের জন্য ৯৭টি উপখাত উন্মুক্ত করবে, আর জাপান বাংলাদেশের জন্য ১২০টি উপখাত উন্মুক্ত করবে। ফলে বাংলাদেশের ৭ হাজার ৩৭৯টি পণ্য জাপানের বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে, আর জাপানের ১ হাজার ৩৯টি পণ্য বাংলাদেশের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।
বাণিজ্যসচিব মাহবুবুর রহমান জানান, ২০২৪ সালের শেষ থেকে আট দফা বৈঠকের পর এ চুক্তি চূড়ান্ত হয়েছে।
প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, ‘এ ধরনের ইপিএ আমরা আগে কখনো করিনি। যে কারণে এ ক্ষেত্রে কী করতে হয়, সেটাও আমাদের সেভাবে জানা ছিল না। এই সরকারের সবার আন্তরিক প্রচেষ্টায় আমরা সেটা পেরেছি। নিঃসন্দেহে, এটি বাংলাদেশের জন্য ভালো চুক্তি।’
বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘জাপানের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সুসম্পর্ক। তবে এ দেশে জাপানের বিনিয়োগ মাত্র ৫০ কোটি ডলার। বিশ্বের অন্যান্য দেশে জাপানের বিনিয়োগের তুলনায় এটি খুবই অল্প। আগে যখন আমরা জাপানের কাছে বেশি বিনিয়োগ চেয়েছি, তখন এ ধরনের (অর্থনৈতিক চুক্তি) কাঠামো ছিল না, ফলে বিনিয়োগ বাধাগ্রস্ত হতো।’
চৌধুরী আশিক আরও বলেন, ‘বাংলাদেশকে সব সময় ভিয়েতনামের সঙ্গে তুলনা করা হয়। কিন্তু ভিয়েতনামের ৩০টি দেশের সঙ্গে চুক্তি আছে। আমরা মাত্র শুরু করছি। তার আশা, ভবিষ্যতে আরও অনেক অর্থনৈতিক চুক্তি করা যাবে। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা আমাদের জন্য সহজ হবে।’
ঢাকাস্থ জাপানি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (জেসিআইএডি)-এর সভাপতি মানাবু সুগাওয়ারা এ চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “দুই দেশের বিস্তৃত সমঝোতায় পৌঁছানো অত্যন্ত আনন্দের বিষয়।” জেসিআইএডি আশা করছে, ইপিএ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে এবং বাজারে প্রবেশাধিকার বজায় রাখতে সহায়ক হবে।
ফলে আসন্ন মাসে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্কের নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে।




