চলতি করবর্ষে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল। তবে এখনো বেশির ভাগ করদাতা রিটার্ন জমা দেননি। এ পর্যন্ত অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন ২৬ লাখের বেশি করদাতা। এ অবস্থায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, প্রয়োজনে সরকার চাইলে রিটার্ন জমা দেওয়ার সময় আবারও বাড়ানো হতে পারে।
রবিবার (২১ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি ডিআরইউ সদস্যদের জন্য আয়কর রিটার্ন দাখিল সাপোর্টিং বুথের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান এবং অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।
রিটার্ন জমার সময় আরো বাড়বে কি না—এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এটা এখনই বলা যাবে না। এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত। এ বছর প্রথমবারের মতো ই-রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। কর আইনজীবী-করদাতা সবারই একটা প্রস্তুতি দরকার। প্রায় ৪২ লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দিতে আবেদন করেছেন। জমা হয়েছে ২৬ লাখের বেশি। ১৫-১৬ লাখ রিটার্ন এখানো জমা পড়েনি। আগামী এক সপ্তাহে হয়তো পুরো রিটার্ন জমা হওয়া কঠিন হবে। সরকার যদি প্রয়োজন মনে করে, বিষয়টা বিবেচনা করতে পারে।’
আবদুর রহমান খান বলেন, ‘আয়করের জটিল আইন-কানুন, বিধি-বিধান কোনো কিছুই করদাতার জানার দরকার নেই। শুধু ই-রিটার্ন পোর্টালে রেজিস্ট্রেশন করে যে তথ্যগুলো সেখানে চাওয়া হয়েছে তা সঠিকভাবে এন্ট্রি করলেই হবে। এখানে ভয়ের কিছু নেই। সাংবাদিকরাই করদাতা ও সমাজের মুখপাত্র। আপনারা নিজেরা রিটার্ন দাখিল করতে গেলে সমস্যাগুলো আরো দ্রুত শনাক্ত করতে পারবেন। ফলে আমাদের ওপর একটা বাড়তি চাপ তৈরি হবে। আমরা এই সিস্টেম আরো আপডেট করতে পারব।’
আয়করের পাশাপাশি আগামী বছর থেকে ব্যবসায়ীদের জন্য ভ্যাটের রিটার্ন অনলাইন জমা বাধ্যতামূলক করবে সরকার জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আগামী বছর থেকে আমরা ভ্যাটের অনলাইন রিটার্নও বাধ্যতামূলক করব। ভ্যাটের রিটার্ন দাখিল খুব সহজ। দৌড়াদৌড়ি করে বা যানবাহন ব্যবহার করে ম্যানুয়াল পদ্ধতিতে রিটার্ন জমা দিতে গেলে তেল পোড়ে। রেমিট্যান্সের টাকা দিয়ে এই তেল কিনতে হয়। এই তেল অহেতুক পোড়াব কেন? আপনি যত দৌড়াদৌড়ি করবেন তত ডলার পুড়বে। সেটা না করে আপনারা অনলাইনে ভ্যাট রিটার্ন দেবেন। এটা সবচেয়ে সুবিধাজনক।’




