বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

১২ কোটি টাকায় মুস্তাফিজ কলকাতা নাইট রাইডার্সে

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আইপিএল নিলামে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএলের ২০২৬ আসর সামনে রেখে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত মিনি নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই পেসারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৫০ লাখ টাকা মূল্যে দলে ভেড়ানোয় এটি আইপিএল ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ মূল্য।

নিলামে শুরু থেকেই মুস্তাফিজকে দলে নিতে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। তাদের সঙ্গে প্রতিযোগিতায় নামে চেন্নাই সুপার কিংস। দর ৫.৪ কোটি রুপিতে ওঠার পর দিল্লি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। এরপর চেন্নাইয়ের সঙ্গে লড়াইয়ে নামে কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত কলকাতাই সর্বোচ্চ দর হাঁকিয়ে মুস্তাফিজকে নিজেদের করে নেয়।

এর আগে ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ রুপিতে খেলেছিলেন মুস্তাফিজ। গত আসরে বদলি খেলোয়াড় হিসেবে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৬ কোটি রুপিতে খেলেছিলেন তিনি। এবার সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছালেন বাংলাদেশের এই পেসার।

মুস্তাফিজুর রহমান আইপিএলে ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে যাচ্ছেন। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল অভিষেকেই দুর্দান্ত পারফরম্যান্সে দলকে শিরোপা জেতান এবং টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন।

এখন পর্যন্ত আইপিএলে আট মৌসুমে ৬০ ম্যাচ খেলে ৬৫ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। বিশেষ করে ডেথ ওভারে তাঁর কাটার ও নিয়ন্ত্রিত বোলিং সবসময়ই আলাদা গুরুত্ব পেয়েছে। কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়ে তিনি আবারও আইপিএলে নিজের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন।

এর আগে ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স, যা বর্তমান বিনিময় মূল্যে প্রায় ৫ কোটি ৪৫ লাখ রুপি। সেই রেকর্ডও এবার ছাড়িয়ে গেলেন মুস্তাফিজ।

বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল ইতিহাসে এটি নিঃসন্দেহে এক যুগান্তকারী মুহূর্ত। মুস্তাফিজের এই রেকর্ডমূল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের ক্রিকেটের জন্যও এক গৌরবময় অধ্যায়।