বাংলাদেশি তরুণ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেলুপি’ নির্বাচিত হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম (আইএফএফআর) ২০২৬–এ। আগামী ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে অনুষ্ঠিত হবে উৎসবটির ৫৫তম আসর। সেখানে ব্রাইট ফিউচার বিভাগে ছবিটির ইন্টারন্যাশনাল প্রিমিয়ার হবে।
খুলনার মাটি, নদী ও মানুষের জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত স্বাধীনধারার এই সিনেমা মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। ব্রাইট ফিউচার বিভাগে সাধারণত নির্মাতাদের প্রথম ও দ্বিতীয় চলচ্চিত্র স্থান পায়, যেখানে নতুন কণ্ঠ ও নতুন ভাষার সিনেমাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
রটারড্যামে নির্বাচিত হওয়ার খবর পেয়ে উচ্ছ্বসিত পুরো টিম। পরিচালক তাওকীর ইসলাম বলেন, “রটারড্যাম থেকে প্রথম মেইল পেয়ে জানতে পারি তারা ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার করতে চায়। তবে আমরা দেলুটি ইউনিয়নের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ছবিটি প্রথমে তাদেরই দেখাবো। একই সঙ্গে আমাদের ইচ্ছা ছিল আগে বাংলাদেশের মানুষ সিনেমাটি দেখুক। বিষয়টি ফেস্টিভ্যাল কর্তৃপক্ষকে জানালে তারা সম্মান জানিয়ে রাজি হন। এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক দর্শকের কাছে ‘দেলুপি’ পৌঁছাবে—এটা আমাদের জন্য সত্যিই আনন্দের।”
বাংলাদেশি স্বাধীনধারার চলচ্চিত্রের জন্য এই নির্বাচন নিঃসন্দেহে গর্বের। সংশ্লিষ্টরা মনে করছেন, রটারড্যামের মতো বিশ্বমানের উৎসবে ‘দেলুপি’র অংশগ্রহণ বাংলাদেশের চলচ্চিত্রচর্চাকে আন্তর্জাতিক পরিসরে নতুনভাবে তুলে ধরবে।




