বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

কলকাতায় মেসিকে দেখতে না পেয়ে দর্শকদের লঙ্কাকাণ্ড

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে দেখতে না পেরে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে হাজারো দর্শক ক্ষুব্ধ হয়ে ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। শনিবার সন্ধ্যায় সল্ট লেক স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিপেটা করতে হয়।

মেসিকে ঠিকভাবে দেখতে না পারায় দর্শকেরা প্রথমে বোতল ছুড়তে শুরু করেন। পরে গ্যালারির চেয়ার ভেঙে মাঠে ছুড়ে মারেন। একপর্যায়ে নিরাপত্তা বেষ্টনী টপকে মাঠেও ঢুকে পড়েন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মেসি নির্ধারিত সময়ের আগেই মাঠ ছেড়ে চলে যান। ফলে ল্যাপ অব অনার, প্রদর্শনী ম্যাচসহ সব কর্মসূচি বাতিল হয়ে যায়।

তিন দিনের ভারত সফরের প্রথম দিনে কলকাতায় পা রেখেছিলেন মেসি। ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পলকে নিয়ে তিনি হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি সফর করবেন। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী যুব ভারতীতে ল্যাপ অব অনার নেওয়ার কথা ছিল মেসির। পরে মাঠে আসার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বলিউড তারকা শাহরুখ খানেরও। কিন্তু বিশৃঙ্খলার কারণে সব আয়োজন পণ্ড হয়ে যায়।

ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখ প্রকাশ করে মেসি ও ক্রীড়াপ্রেমীদের কাছে ক্ষমা চান। তিনি বলেন, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় তিনি বিস্মিত ও মর্মাহত। পাশাপাশি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে আয়োজক শতদ্রু দত্তকে বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমার জানিয়েছেন, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভারত সফরে এসে মেসি ইতোমধ্যে কলকাতায় নিজের ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য উদ্বোধন করেছেন। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে নির্মিত লোহার ভাস্কর্যে ফিফা বিশ্বকাপ ট্রফি হাতে দেখা যায় মেসিকে। ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের স্মারক হিসেবে এটি তৈরি করা হয়েছে।

মেসির আগমনে কলকাতায় তুমুল উন্মাদনা দেখা যায়। চার হাজার টাকার টিকিট কালোবাজারে কয়েক গুণ বেশি দামে কিনে মাঠে এসেছিলেন দর্শকরা। কিন্তু নিরাপত্তা বলয়ের ভেতর রাজনৈতিক নেতা, মন্ত্রী, তারকা ও কর্মকর্তাদের ভিড়ে গ্যালারি থেকে মেসিকে ঠিকভাবে দেখতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন তারা।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলে। তবে বিশৃঙ্খলার কারণে কলকাতার সূচি শেষ হওয়ার আগেই মেসিকে মাঠ ছাড়তে হয়। এরপর তিনি হায়দরাবাদের উদ্দেশে রওনা দেন।

এই ঘটনার ফলে কলকাতায় মেসির সফরের প্রথম দিনটি ভক্তদের জন্য স্মরণীয় হওয়ার বদলে পরিণত হয়েছে বিশৃঙ্খলা ও হতাশার দিনে।