বিশ্বের দ্বিতীয় বৃহৎ পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশে কাঁচা তুলার চাহিদা বিপুল। দীর্ঘদিন ধরে ভারতের আধিপত্য থাকলেও ২০২৪-২৫ বিপণন বছরে সেই অবস্থান হারিয়ে ব্রাজিল এখন বাংলাদেশের শীর্ষ তুলা সরবরাহকারী দেশ হয়ে উঠেছে। আমেরিকার কৃষি বিভাগের (ইউএসডিএ) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪-২৫ বিপণন বছরে বাংলাদেশ মোট ৮.২৮ মিলিয়ন বেল তুলা আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় ৫.২ শতাংশ বেশি। এর মধ্যে ব্রাজিল সরবরাহ করেছে প্রায় ১.৯ মিলিয়ন বেল বা ২৫ শতাংশ বাজার অংশীদারিত্ব। ভারত নেমে এসেছে দ্বিতীয় স্থানে—সরবরাহ করেছে ১.৪ মিলিয়ন বেল বা ১৫ শতাংশ। এক বছর আগেও ভারত ২৩ শতাংশ বাজার শেয়ার নিয়ে শীর্ষে ছিল।
ইউএসডিএ জানায়, প্রতিযোগিতামূলক মূল্য, ফসল কাটার সময় ব্যাপক প্রাপ্যতা এবং স্থিতিশীল সরবরাহের কারণে ব্রাজিলের তুলা বাংলাদেশি স্পিনারদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। অন্যদিকে ভারতীয় তুলা দ্রুত শিপমেন্টের সুবিধার কারণে দীর্ঘদিন ধরে প্রাধান্য পেয়েছিল, যদিও দাম বেশি ও মানে কিছু সমস্যা ছিল।
কাঁচা তুলায় ব্রাজিল এগিয়ে গেলেও কটন ইয়ার্ন (সুতো) সরবরাহে ভারত এখনও বাংলাদেশের প্রধান উৎস। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট সুতো আমদানির ৮২ শতাংশ সরবরাহ করেছে ভারত। দ্বিতীয় স্থানে রয়েছে চীন (৭.৫ শতাংশ)। ভারতের উন্নত স্পিনিং ক্ষমতা, দ্রুত সরবরাহ ব্যবস্থা এবং কম লজিস্টিক ব্যয়ের কারণে দেশটি সুতা বাজারে শীর্ষ অবস্থান ধরে রেখেছে।
ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, ২০২৫-২৬ বিপণন বছরে বাংলাদেশের কাঁচা তুলা আমদানি আরও ১.৪ শতাংশ বাড়বে। বর্তমান অর্থবছরে আমদানির পরিমাণ ৮.৪ মিলিয়ন বেলে পৌঁছাতে পারে, যা ২০২৩-২৪ সালের তুলনায় ৫.২ শতাংশ বেশি।
এদিকে, বাংলাদেশ আমেরিকা থেকে তুলা আমদানির পরিকল্পনা করছে। এতে বাণিজ্য ঘাটতি কমবে এবং আমেরিকান পণ্যের আমদানি বাড়বে। বর্তমানে বাংলাদেশ ৭.৯ বিলিয়ন ডলারের তুলা কেনে, যার মধ্যে আমেরিকার অংশ ৩৬১ মিলিয়ন ডলার।
বাংলাদেশের তৈরি পোশাক খাত দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি এবং জিডিপির প্রায় ১০ শতাংশ জোগান দেয়। এ খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করছেন। রাজনৈতিক পরিবর্তন ও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পরও তুলা আমদানির প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।




