ডান-হাতি পেসার হাবিবা ইসলামের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
কক্সবাজারে শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। প্রথম ম্যাচে ১৩ রানে জয় পেয়েছিল সফরকারীরা।
টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানকে নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে রাখে বাংলাদেশের বোলাররা। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান থামে ৭ উইকেটে ৮০ রানে। দলের হয়ে কমল খান সর্বোচ্চ ২৮ রান করেন। জোফিশান আয়াজ ১৭ ও রাভাইল ফারহান যোগ করেন ১৫ রান। বাংলাদেশের হয়ে হাবিবা ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন। অতশি মজুমদার ও জেরিন তাসনিম নেন ১টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়ে বাংলাদেশ। ৩৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দল। তবে ওপেনার ও উইকেটরক্ষক সুমাইয়া আকতার এক প্রান্ত আগলে রাখেন। তিনি ৩৮ বলে ৩২ রান করেন। দলীয় ৬২ রানে সুমাইয়া আউট হলে ফারজানা ইয়াসমিনের ১০ ও সাদিয়া আকতারের অপরাজিত ১৩ রানে জয় নিশ্চিত হয়। শেষ পর্যন্ত ১ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জেতেন হাবিবা ইসলাম পিংকি।
সিরিজে এখন দুই দলই ১-১ সমতায় রয়েছে। আগামী ৭ ডিসেম্বর একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল।




