দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও আমেরিকার পপ তারকা কেটি পেরি আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের ঘোষণা দিয়েছেন। জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তাঁর স্ত্রী ইউকো কিশিদার আমন্ত্রণে আয়োজিত এক মধ্যাহ্নভোজে একসঙ্গে উপস্থিত হয়ে তারা প্রথমবারের মতো প্রকাশ্যে নিজেদের সম্পর্ক স্বীকার করেন।
অনুষ্ঠান শেষে ট্রুডো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, “আপনাকে দেখে দারুণ লাগল ফুমিও কিশিদা। ক্যাটি এবং আমি আপনার ও ইউকোর সঙ্গে বসে কথা বলার সুযোগ পেয়ে খুবই আনন্দিত।” এই পোস্ট প্রকাশ্যে আসার পরই বিশ্বমাধ্যমে আলোচনার ঝড় ওঠে।
গত অক্টোবরেই ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দি হয়েছিলেন ট্রুডো ও পেরি। এরপরও তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে জাপানে কিশিদা দম্পতির বাসায় তাদের উপস্থিতি সেই গুঞ্জনকে এবার নিশ্চিত করল।
কেটি পেরি তাঁর চলমান ‘দ্য লাইফটাইমস ওয়ার্ল্ড ট্যুর’ স্থগিত রেখে ট্রুডোর সঙ্গে টোকিওতে এই কূটনৈতিক মধ্যাহ্নভোজে অংশ নেন। অনুষ্ঠানে ট্রুডো ধূসর স্যুটে রাষ্ট্রনায়কোচিত ভঙ্গিতে হাজির হন, আর পেরি ছিলেন সবুজ রঙের দু’টুকরো পোশাক, কালো টাইটস ও বুটে। ছবিতে দেখা যায়, কিশিদা দম্পতির সঙ্গে দাঁড়ানোর সময় পেরি ট্রুডোর পেছনে হাত রেখে ছিলেন।
কিশিদা ট্রুডোর পোস্টে মন্তব্য করে লিখেছেন, “ধন্যবাদ, জাস্টিন। আপনি এবং কেটি, দু’জনকেই অবকাশের শুভেচ্ছা!”
এই ঘোষণা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ইন্টারনেট জুড়ে তুমুল আলোড়ন সৃষ্টি হয়।
এই কূটনৈতিক ঘোষণার মাধ্যমে ট্রুডো–পেরি জুটি এখন আন্তর্জাতিক সেলিব্রিটি মহলে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।




