ক্রিশ্চিয়ানো রোনালদোর পর রিয়াল মাদ্রিদের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এক ক্যালেন্ডার বছরে ৫৩ বা তার বেশি গোল করার বিরল রেকর্ড স্পর্শ করেছেন কিলিয়ান এমবাপ্পে। রবিবার (১ ডিসেম্বর) লা লিগায় জিরোনার বিপক্ষে ১–১ ব্যবধানে ড্র হওয়া ম্যাচে গোল করেই ফরাসি অধিনায়ক এই মাইলফলক অর্জন করেন।
রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই দুর্দান্ত ছন্দে আছেন এমবাপ্পে। ধারাবাহিক গোল করে রোনালদোর স্থাপন করা নানা রেকর্ড একের পর এক ভাঙছেন কিংবা স্পর্শ করছেন তিনি। স্প্যানিশ ক্লাবটির হয়ে এটি এমবাপ্পের প্রথম পূর্ণ ক্যালেন্ডার বছর। অন্যদিকে রিয়ালে নয় মৌসুমে পাঁচবার একই রেকর্ড করেছিলেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো।
মাত্র চার দিন আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে একাই চার গোল করেছিলেন এমবাপ্পে, যেটি ছিল রিয়ালের ইতিহাসে তার প্রথম ‘কোয়াড্রুপল’। ২০১৫–১৬ মৌসুমে মালমোর বিপক্ষে রোনালদো করেছিলেন চার গোল। সেই রেকর্ডের সঙ্গী হওয়ার পর এবার আরেকটি বড় সাফল্য যোগ হলো এমবাপ্পের নামের পাশে।
এমবাপ্পে ভেঙেছেন রোনালদোর দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডও। গত ২৭ নভেম্বর অলিম্পিয়াকোসের বিপক্ষে মাত্র ৭ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। মালমোর বিপক্ষে রোনালদোর হ্যাটট্রিক হয়েছিল ১১ মিনিটে।
মৌসুম শুরুর সময় রোনালদোকে নিজের রোল মডেল উল্লেখ করে এমবাপ্পে বলেছিলেন, রিয়াল মাদ্রিদে রোনালদোর অবদান অপরিসীম। তার পরামর্শ ও অনুপ্রেরণা সবসময়ই তাকে পথ দেখায়। রিয়ালের সমর্থকদের কাছে রোনালদো আজও অনন্য, তবে তিনি নিজের পথেই এগিয়ে যেতে চান বলে মন্তব্য করেন এমবাপ্পে।
রিয়ালের জার্সিতে একের পর এক রেকর্ড গড়ে চলা এমবাপ্পে তাই নতুন বছরে ক্লাবটির আক্রমণভাগে আরও প্রভাব বিস্তার করবেন—এমন প্রত্যাশাই এখন সমর্থকদের।




