পাঁচটি শরিয়াহভিত্তিক দুর্বল ব্যাংক একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’-কে চূড়ান্ত লাইসেন্স অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (৩০ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ এই অনুমোদন প্রদান করে। এর মাধ্যমে দেশে বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ও শরিয়াভিত্তিক ব্যাংক প্রতিষ্ঠার পথ আনুষ্ঠানিকভাবে খুলে গেল।
বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের ব্যাংকিং খাত সংস্কার কর্মসূচির অংশ হিসেবে নতুন এই ব্যাংকটি গঠিত হয়েছে, যার লক্ষ্য ছিল খাতে সুশাসন ফিরিয়ে আনা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং আর্থিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা। ‘ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫’-এর আওতায় সমাধান প্রক্রিয়ায় আনা পাঁচ ব্যাংক—এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক—একীভূত হয়ে নতুন প্রতিষ্ঠান গঠন করেছে।
এর আগে ৯ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে একীভূত ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক পাঁচ ব্যাংককে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ দেয় এবং ৯ নভেম্বর অনাপত্তি সনদ (এলওআই) ইস্যু করে। শর্ত পূরণের পর ব্যাংকটি জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত হয়।
নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা ইতোমধ্যে পরিশোধ করেছে। সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়াকে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের অর্থ নিরাপদ রয়েছে এবং কাউকে ক্ষতির মুখে পড়তে হবে না। ডিপোজিট প্রটেকশন অর্ডিন্যান্স অনুযায়ী দুই লাখ টাকা পর্যন্ত আমানত সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। বড় অঙ্কের আমানতের ক্ষেত্রেও দ্রুত পরিশোধ পরিকল্পনা ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি খুব অল্প সময়ের মধ্যেই একটি আধুনিক, টেকসই, প্রতিযোগিতামূলক ও দক্ষ শরিয়াভিত্তিক ব্যাংক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।




