সম্প্রতি বেশ কয়েকটি কনসার্ট অনুমতির অভাবে স্থগিত হলেও টানা আয়োজনের সুখবর দিয়েছে জনপ্রিয় ফোক-ফিউশন ব্যান্ড ‘লালন’। ডিসেম্বর মাসজুড়ে সারা দেশে একের পর এক কনসার্ট করতে যাচ্ছে দলটি—এমন ঘোষণা আসতেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
ব্যান্ডটির অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ২৭ নভেম্বর গাজীপুরের শ্রীপুরে ইতোমধ্যে একটি কনসার্ট করেছে তারা। সামনে যেসব কনসার্ট চূড়ান্ত হয়েছে তার মধ্যে রয়েছে—৬ ডিসেম্বর সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ; ১২ ডিসেম্বর প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, ঢাকা; ২৫ ডিসেম্বর মানিকগঞ্জ ও সাভার; ২৮ ডিসেম্বর মৌলভীবাজার; ৯ জানুয়ারি নারায়ণগঞ্জ এবং ১০ জানুয়ারি মৌলভীবাজারের কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ। আরও কয়েকটি আয়োজন নিয়ে আলোচনা চলছে বলেও জানানো হয়।
‘লালন’-এর ভোকাল নিগার সুলতানা সুমি বলেন, “এখন কনসার্টের মৌসুম চলছে। আমরাও একের পর এক কনসার্টের জন্য প্রস্তুত। আয়োজকদের ধন্যবাদ জানাই আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। আমরা দর্শক-শ্রোতাদের সরাসরি গান শোনানোর অপেক্ষায় আছি।”
দেশের বিভিন্ন স্থানে ব্যান্ডটির টানা কনসার্ট আয়োজন চলমান সংকটের মধ্যেও সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণসঞ্চার করবে বলে মনে করছেন সংগীতপ্রেমীরা।




