প্রতিবছরের মতো এবারও ডিসেম্বরের প্রথম দিনে চ্যানেল আই আয়োজন করতে যাচ্ছে ‘ব্যান্ড ফেস্ট’। ২০১৪ সাল থেকে প্রয়াত আইয়ুব বাচ্চু-র ইচ্ছানুযায়ী এই দিনটি বিশেষভাবে উদযাপন করে আসছে চ্যানেল আই। এবারের ব্যান্ড ফেস্ট হবে ১২তম আসর, যেখানে দেশের ১২টি ব্যান্ড দিনব্যাপী পারফর্ম করবে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চ্যানেল আই স্টুডিওতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের বার্তা প্রধান ও পরিচালক শাইখ সিরাজ, ব্যান্ড সংগীতশিল্পী ফুয়াদ নাসের বাবু, এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশীষ কুমার চক্রবর্তী।
শাইখ সিরাজ বলেন, “তারুণ্যকে জাগিয়ে তোলে ব্যান্ড সংগীত। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ব্যান্ডের যাত্রা সহজ ছিল না, অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজ আমাদের ব্যান্ডগুলো এ অবস্থায় এসেছে। আমরা প্রয়াত আইয়ুব বাচ্চুর চাওয়াকে সম্মান জানিয়ে দিনটি বিশেষভাবে পালন করার চেষ্টা করি।” তিনি আরও বলেন, আগামীতে দিনটি অনেক বড় পরিসরে উদযাপনের পরিকল্পনা রয়েছে এবং ব্যান্ডের গুণী মানুষদের সম্মান জানানোও বিবেচনায় আনা হচ্ছে।
ফুয়াদ নাসের বাবু বলেন, “আইয়ুব বাচ্চুর উদ্যোগে এটি চ্যানেল আইতে চালু হয়েছিল। ব্যান্ড এখন বাংলা মূলধারার সংগীতের অংশ। আমরা এখানে কাজ করছি, ভবিষ্যৎ প্রজন্মও কাজ করতে পারবে। চ্যানেল আইকে ধন্যবাদ, তারা শুরু থেকে সবসময় ব্যান্ড মিউজিকের সঙ্গে আছে।”
১২তম চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে অনুষ্ঠিত হবে। তার ব্যবস্থাপনা পরিচালক আশীষ চক্রবর্তী মনে করেন, ফেসবুকে বুঁদ হয়ে থাকা তরুণ সমাজকে জাগ্রত করতে এই ব্যান্ড ফেস্টের প্রয়োজন আছে।
এবার যে ১২টি ব্যান্ড পারফর্ম করবে সেগুলো হল: উচ্চারণ, পার্থিব, শিরোনামহীন, তরুণ, মেহরীন, অবসকিউর, ফিডব্যাক, নির্ঝর, স্টার লিং, সিফোনি, নোভা এবং ডিফারেন্ট টাচ।
অনুষ্ঠানের প্রযোজনায় আছেন অনন্যা রুমা এবং প্রকল্প পরিচালক রাজু আলীম।




