ভারতের মাটিতে এক অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিক ভারতকে ২–০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ২৫ বছর পর ইতিহাস পুনর্লিখন করেছে প্রোটিয়ারা। বুধবার (২৬ নভেম্বর) সিরিজের শেষ টেস্টে ভারতকে ৪০৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এই জয় নিশ্চিত করে তারা—যা ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় জয়।
৫৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৪০ রানে। দিনের শুরুতে ২ উইকেটে ২৭ রান নিয়ে খেলতে নেমেছিল স্বাগতিকরা। ড্র-ই ছিল তাদের একমাত্র লক্ষ্য। তবে দক্ষিণ আফ্রিকার স্পিনার সিমন হারমারের বিধ্বংসী বোলিংয়ে সেই স্বপ্ন ভেঙে যায় প্রথম সেশনেই। এক ওভারেই কুলদীপ যাদব ও ধ্রুব জুরেলকে আউট করে ভারতের ব্যাকফুটে ঠেলে দেন তিনি। কিছুক্ষণ পর ফেরান ঋশাভ পান্তকেও।
যদিও সাই সুদর্শন ও রবীন্দ্র জাদেজা কঠিন প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। প্রথম সেশন শেষে সুদর্শন ১৪ রানে এবং জাদেজা ২৩ রানে অপরাজিত থাকলেও দ্বিতীয় সেশনের শুরুতেই ভেঙে যায় এই জুটি। সেনুরান মুথুসামির বলে ক্যাচ দিয়ে ফেরেন সুদর্শন। এরপর ভারতের শেষ চেষ্টা ভেস্তে দেন হারমার ও কেশব মহারাজ।
ম্যাচে দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রাম এক টেস্টে সর্বোচ্চ ৯টি ক্যাচ ধরে বিশ্ব রেকর্ড গড়েন। এর মাধ্যমে তিনি ২০১৫ সালে আজিঙ্কা রাহানের করা আগের রেকর্ডকে ছাড়িয়ে যান।
বোলিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন সিমন হারমার। তিনি ২৩ ওভারে ৩৭ রান দিয়ে ৬ উইকেট নেন। পুরো ম্যাচে তার উইকেট সংখ্যা ছিল ৯টি। কেশব মহারাজও শেষদিকে গুরুত্বপূর্ণ দুই উইকেট এনে দেন।
সিরিজ জয়ের মাধ্যমে ২০০০ সালের পর প্রথমবার ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমার নেতৃত্বে এই অর্জন প্রোটিয়াদের টেস্ট ইতিহাসে বিশেষ এক মাইলফলক হিসেবেই ধরা হচ্ছে।




