পুরোনো জনপ্রিয় সিনেমার গান নতুন আঙ্গিক ও সংগীতায়োজনে আবারও জীবন্ত হচ্ছে। এই ধারাবাহিকতায় জনপ্রিয় দুই শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও ইমরান মাহমুদুল গাইলেন ‘আমি পাথরে ফুল ফোটাব’ গানটির নতুন সংস্করণ, যার শিরোনাম দেওয়া হয়েছে ‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’।
১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘শেষ ঠিকানা’ সিনেমায় এ গানটি গেয়েছিলেন এন্ড্রু কিশোর। মূল গানের সুর ও সংগীত আয়োজন করেছিলেন আলম খান। নতুন সংস্করণে গানটির প্রথম দুটি লাইন ব্যবহার করে ব্রিজ লাইন হিসেবে নতুনভাবে লেখা হয়েছে। গানটি লিখেছেন আহমেদ রিজভী এবং সংগীত করেছেন ইমরান মাহমুদুল।
ইমরান মাহমুদুল বলেন, “আমি পাথরে ফুল ফোটাব একটি জনপ্রিয় গান। সেই হুক লাইনটি ব্যবহার করে নতুন করে লেখা হয়েছে। দীর্ঘদিন পর ন্যান্সি আপুর সঙ্গে এই গান গাইতে পেরে ভালো লাগছে। আশা করছি নতুন গানটিও শ্রোতাদের ভালো লাগবে।”
শেষ ঠিকানা সিনেমায় ‘আমি পাথরে ফুল ফোটাব’ গানটিতে ঠোঁট মিলিয়েছিলেন অমিত হাসান। তাঁর সঙ্গে ছিলেন শাবনূর।
গানের ভিডিও শুটিং মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে, পরিচালনা করবেন সৈকত রেজা। পরিকল্পনা অনুযায়ী, নতুন বছরের প্রাক্কালে গানটি অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।




