বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৭১ মিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বেপজা অর্থনৈতিক অঞ্চলে নতুন শিল্প ইউনিট স্থাপনের জন্য দুটি সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন কোম্পানির সঙ্গে ৭০ দশমিক ৬৬ মিলিয়ন ইউএস ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এই বিনিয়োগের মাধ্যমে ১ হাজার ১০৫ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের শিল্প বৈচিত্র্যকরণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সম্প্রতি ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। চুক্তি স্বাক্ষর করেন ডিজে কপার কোম্পানি লিমিটেড ও জিআরএক্স টেকনোলজি (বিডি) কোম্পানি লিমিটেড-এর প্রতিনিধিরা। অনুষ্ঠানে বেপজার পক্ষে উপস্থিত ছিলেন সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর, সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ. ন. ম. ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ. এস. এম. আনোয়ার পারভেজ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোয়াজ্জেম হোসেন বলেন, “বেপজা নিরাপদ, ব্যবসাবান্ধব এবং কার্যকর বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে। বাংলাদেশে বিশেষত বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগ গন্তব্য হিসেবে বেছে নেওয়ায় আমরা বিনিয়োগকারীদের ধন্যবাদ জানাই। বর্তমান শুষ্ক মৌসুমকে কাজে লাগিয়ে দ্রুত নির্মাণকাজ শুরু করার আহ্বান জানাচ্ছি এবং বেপজার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা ও নিরবচ্ছিন্ন সেবা প্রদানের আশ্বাস দিচ্ছি।”

চুক্তি অনুযায়ী, হংকং-চীন মালিকানাধীন ডিজে কপার কোম্পানি লিমিটেড ৫০ দশমিক ৬৬ মিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করবে। তারা কপার তার, কপার শিট, কপার হার্ডওয়্যার, ক্যাবল লাইন, জিপার দাঁত, ব্রাসের তার এবং ইলেকট্রনিক অ্যাক্সেসরিজসহ (যেমন সুইচ প্লেট, বোতাম লোগো) বিভিন্ন লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য উৎপাদন করবে। কোম্পানিটি ২১,৬০০ বর্গমিটার জমিতে নিজস্ব কারখানা নির্মাণ করবে এবং ৫৩৫ জন বাংলাদেশিকে কর্মসংস্থানের সুযোগ দেবে।

অপর কোম্পানি জিআরএক্স টেকনোলজি (বিডি) কোম্পানি লিমিটেড ২০ মিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করে গার্মেন্ট অ্যাক্সেসরিজ উৎপাদন করবে। এতে জিপার, ওয়াইজি স্লাইডার, জিঙ্ক অ্যালয় স্লাইডার, বোতাম, স্ন্যাপ বোতাম, লোগো, বেল্ট বাকল ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে। কোম্পানিটি ১৪,৪০০ বর্গমিটার জমিতে কারখানা নির্মাণ করবে এবং ৫৭০ জন বাংলাদেশিকে কর্মসংস্থানের সুযোগ দেবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান বিনিয়োগকারীদের বাংলাদেশে বিশেষত বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বেছে নেওয়ায় ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের সঙ্গে চীনের দীর্ঘমেয়াদি সম্পর্ক এবং বেপজার ধারাবাহিক সেবার মানের কারণে বিদেশি বিনিয়োগকারীরা উচ্চ আস্থা রাখছেন।

উল্লেখ্য, এই বিনিয়োগ চুক্তির মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প বৈচিত্র্য এবং স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বেপজা ভবিষ্যতেও বিনিয়োগ পরিবেশ আরও উন্নত করার জন্য সব ধরনের সহযোগিতা ও নিরবচ্ছিন্ন সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।