বাংলাদেশের মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতার মঞ্চে ন্যাশনাল কস্টিউম হিসেবে সাদা জামদানি শাড়ি পরিধান করে নজর কেড়েছেন। বুধবার ১৯ নভেম্বর প্রতিযোগিতার ন্যাশনাল কস্টিউম পর্বে মিথিলা বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। জামদানি শাড়ির মোটিফে ব্যবহৃত হয়েছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা।
মিথিলার এই লুক সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়ার কিছু সময়ের মধ্যে ৭৫ হাজারের বেশি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। প্রায় চার হাজার মন্তব্য ও সাড়ে চার হাজারের বেশি শেয়ার হয়েছে। মিথিলা লিখেছেন, ‘মিস ইউনিভার্স বাংলাদেশের ন্যাশনাল কস্টিউম—“দ্য কুইন অব বেঙ্গল”’ এবং বিস্তারিতভাবে শেয়ার করেছেন তার সাজ ও বাংলাদেশের ঐতিহ্যের কথা।

একটি ফেসবুক লাইভে মিথিলা জানিয়েছেন, ন্যাশনাল কস্টিউমের মাধ্যমে বাংলাদেশকে উপস্থাপন করতে পেরে তিনি অত্যন্ত আবেগপ্রবণ হয়েছেন এবং মঞ্চে দাঁড়িয়ে নিজের দেশকে উপস্থাপন করার সাহস ও শক্তি উপলব্ধি করেছেন। তিনি ভোটযুদ্ধের শেষ দিনে অনুরোধ করেছেন, সবাই মিলে বাংলাদেশকে পিপলস চয়েস বিভাগে ভোট দিয়ে সমর্থন করবেন। ভোট দিতে মিস ইউনিভার্স অ্যাপে বাংলাদেশ নির্বাচন করে ‘গেট ভোট’ বাটনে ক্লিক করতে হবে।
থাইল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর, যেখানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মঞ্চে রয়েছেন তানজিয়া জামান মিথিলা। প্রতিযোগিতার উত্তেজনা যতই বাড়ছে, ততই মিথিলার উপস্থিতি আলোচনার কেন্দ্রবিন্দুতে। ২১ নভেম্বর জানা যাবে, কার কপালে উঠছে ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর প্রতীক্ষিত মুকুট।




