আগামী নির্বাচিত সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দেশজুড়ে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা—এমনই মত জানিয়েছেন জ্বালানি খাতের বিশেষজ্ঞরা। জ্বালানি খাতের বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এখনই নতুন বিনিয়োগ ও নীতি কাঠামো গড়ে না তুললে ২০৩১ সালের মধ্যে দেশের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিতে পারে।
বুধবার রাজধানীর গুলশানে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ যৌথভাবে আয়োজিত সেমিনারে বক্তারা এ উদ্বেগ প্রকাশ করেন। অনুষ্ঠানে জ্বালানি বিশেষজ্ঞ, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
ইএমএ পাওয়ার লিমিটেডের পরিচালক আবু চৌধুরী বলেন, ২০২৯ সালে দেশের বিদ্যুৎ চাহিদা ৩৫ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে। তাই এখনই বিনিয়োগ না করলে ২০৩১ সালে বিদ্যুৎ–সংকট দেখা দেবে। দেশের বিদ্যমান উৎপাদন ক্ষমতার ৪৮ শতাংশই বেসরকারি খাতের হাতে রয়েছে, তাই নীতি নির্ধারণে বেসরকারি খাতের সঙ্গে আলাপ-আলোচনা জরুরি।
জ্বালানি বিশেষজ্ঞ ম. তামিম বলেন, শুধু সরকারি সংস্থা বাপেক্সের ওপর নির্ভর করে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বিদেশি বিশেষজ্ঞ আনার মাধ্যমে গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধি করা প্রয়োজন। নীতিমালা না নেওয়া হলে ২০৩১ সালের মধ্যে বড় ধরনের সংকট দেখা দিতে পারে।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, বিদ্যুতের দাম শিল্প খাতে উৎপাদন ব্যয় বাড়িয়ে দিচ্ছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সরবরাহ করা বিদ্যুতের হার অত্যধিক উল্লেখ করে তিনি পাঁচ বছরের জন্য স্থিতিশীল ট্যারিফ নির্ধারণের দাবি জানান।
এমসিসিআই সভাপতি কামরান টি রহমান বলেন, চা-বাগানের ভূমি ব্যবহার পরিবর্তনের মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব। বৈদ্যুতিক গাড়ির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদাও বেড়ে যাবে। তাই বেসরকারি বিনিয়োগের জন্য সুবিধাজনক নীতি প্রণয়ন জরুরি।
ব্যবসায়ী নেতা ও সাবেক এফবিসিসিআই সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেন, সামাজিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি নীতি না থাকলে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তিনি সৌর, বায়ু, বর্জ্যভিত্তিক জ্বালানি এবং সীমিত পরমাণু ও কয়লার সমন্বয়ে বৈচিত্র্যময় নীতির ওপর জোর দেন।
সেমিনারে অংশগ্রহণ করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, জামায়াতে ইসলামী শুরা সদস্য মোবারক হোসেন, পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাশরুর রিয়াজ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এমডি এনামুল হক, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আহমেদ জুবায়ের মাহমুদসহ ব্যবসায়ী ও জ্বালানি খাত সংশ্লিষ্টরা।




