কাতারের দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলাদেশের হাবিবুর রহমান সোহান ইতিহাস গড়েছেন। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে তিনি বাংলাদেশ টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির মালিক হয়েছেন। আগের রেকর্ডটি ছিল ৪২ বলে, যা করেছিল পারভেজ হোসেন ইমন।
শুক্রবার (১৫ নভেম্বর) ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে হংকং। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে বাবর হায়াত সর্বোচ্চ ৬৩ রান (৪৯ বল) করেন। এছাড়া অধিনায়ক ইয়াসিম মুর্তাজা করেন ৪০ রান (২২ বল)। বাংলাদেশের পক্ষে রিপন মন্ডল ও মেহরাব দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে সোহান ঝড় তুলেন। চার-ছক্কার ঝড়ের মধ্য দিয়ে মাত্র ১৪ বলে ফিফটি পূর্ণ করেন। ওপেনিং জুটিতে জিশান আলমের সঙ্গে ১১১ রানের জুটি গড়ে ম্যাচের ভাগ্য প্রাধান্য দেন। দুই উইকেট হারালেও সোহান ব্যাটিং তাণ্ডব চালিয়ে যান।
শেষ পর্যন্ত ১০ ছক্কা ও ৮ চারে ৩৫ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে সোহান দলের জয়ে প্রধান অবদান রাখেন। অধিনায়ক আকবর আলীও ১৩ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন। বাংলাদেশ ‘এ’ দল হংকংকে ৫৪ বল হাতে রেখে ৮ উইকেটে পরাজিত করে বড় জয় তুলে নেয়।
সোহানের এই বিধ্বংসী ইনিংস শুধুমাত্র দলকে জয় এনে দেয়নি, বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসেও নতুন অধ্যায় রচনা করেছে।




