বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

‘ব্যাচেলর পয়েন্ট’-এ নতুন চমক অর্চিতা স্পর্শিয়া

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’–এর পঞ্চম সিজনে যোগ দিলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। কাজল আরেফিন অমি পরিচালিত এই সিজনটি শুরু থেকেই ব্যাপক আলোচনায় থাকলেও নতুন পোস্টার প্রকাশের মাধ্যমে দর্শকরা পেয়েছেন আরও বড় চমক।

সম্প্রতি নির্মাতা অমি নিজের ফেসবুক পেজে মুখ না-দেখানো একটি ছবি প্রকাশ করে নতুন চরিত্রের আভাস দিয়েছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রমো পোস্টার প্রকাশের পর জানা যায়—সিজন ফাইভের নতুন সংযোজন স্পর্শিয়া।

গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্চিতা স্পর্শিয়া বলেন, “কয়েক বছর ধরে সিরিয়াস ধরনের কাজ করেছি। এবার ফান-কমেডি বা রঙিন কিছু করতে চাইছিলাম। তাই ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে কল পাওয়ার সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যাই। সিরিয়ালটি তো এখন একটা ব্র্যান্ড।”

নির্মাতা কাজল আরেফিন অমি জানান, “ব্যাচেলর পয়েন্টে সাধারণত পুরুষ চরিত্র বেশি। তবে সব সিজনেই নারী চরিত্রগুলো দর্শকের কাছে খুব পছন্দনীয়। গল্পের প্রয়োজনেই সিজন ফাইভে নতুন চরিত্র যুক্ত করা হয়েছে। তাই স্পর্শিয়াকে নেওয়া হয়েছে।”

স্পর্শিয়ার সঙ্গে এটি নির্মাতার প্রথম কাজ। তিনি বিশ্বাস করেন, স্পর্শিয়ার উপস্থিতিতে সিরিজে নতুন মাত্রা যোগ হবে। অন্যদিকে অভিনেত্রীও আশা প্রকাশ করেছেন যে তাদের এই সহযোগিতায় “স্ট্রং কিছু তৈরি হবে”, বাকিটা বিচার করবেন দর্শক।

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ ইতোমধ্যেই কাজ করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, এরফান মৃধা শিবলু, পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠুসহ আরও অনেকে।

সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গো–তে প্রচারিত হচ্ছে, পাশাপাশি চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলেও পর্যায়ক্রমে দেখা যাচ্ছে।