বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

‘মিস ইউনিভার্স’-এ বাংলাদেশের মিথিলা এখন প্রথম, আরও ভোটের প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক
ছবি: মিস ইউনিভার্স বাংলাদেশ

বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্স ২০২৫-এ বর্তমানে প্রথম অবস্থানে রয়েছেন। ১৩ নভেম্বর রাতে মিস ইউনিভার্স বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা করা হয়েছে, “We did it Bangladesh! Now Bangladesh is No 1।”

বাংলাদেশের প্রতিনিধিত্বকারী তানজিয়া জামান মিথিলা “People’s Choice” শ্রেণিতে ভোটে ১৯২,৩১৩ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন। পরবর্তী সময়ে তিনি দ্বিতীয় স্থানে উঠে আসেন। তখন তার ভোট সংখ্যা ছিল ৩০৬,৩৯০ ভোট; আর ৩২৪,০৭৯ ভোট পেয়ে প্রথম অবস্থানে ছিলেন ফিলিপাইনের প্রতিনিধি। এরপর ২৬৯,৫৫৯ ভোট পেয়ে মিথিলা প্রথম অবস্থানে চলে আসেন। এখনও ভোট চলছে এবং এই সংখ্যা পরিবর্তিত হচ্ছে।

মিস ইউনিভার্স বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পোস্টে বলা হয়েছে, ভোট চলবে ১৯ নভেম্বর পর্যন্ত, এবং সমর্থকদের আরও ভোট দেওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়েছে। পেজে বলা হয়েছে, “Unstoppable Bangladesh,” যা বাংলাদেশের জয় এবং সমর্থনকে প্রতিফলিত করছে।

ছবিতে দেখা যাচ্ছে, মিথিলা সাদা গাউন পরিধান করে বাংলাদেশি পতাকা হাতে ধরে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে নতজানু হয়েছেন। তার এই দৃঢ়তা এবং আত্মবিশ্বাস দেশের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

মিথিলা জানান, “Miss Universe অ্যাপে Bangladesh নির্বাচন করুন, ‘Get Vote’ অপশন বেছে নিয়ে একটি বিজ্ঞাপন ভিডিও দেখুন এবং বিনামূল্যে ভোট দিন। এটি বারবার করা সম্ভব।”

বাংলাদেশের সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ভোট দিতে এবং উৎসাহিত করতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। মিথিলার প্রথম অবস্থান কেবল বাংলাদেশের জন্য গর্বের বিষয় নয়, এটি আন্তর্জাতিক পর্যায়েও দেশের পরিচিতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এর আগে, মিথিলা তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ভোট চেয়ে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি জানিয়েছেন, মিস ইউনিভার্স অ্যাপের মাধ্যমে বিনামূল্যে ভোট দেওয়া সম্ভব। তার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং গণমাধ্যমে এই খবর ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। জয়া আহসান, তমা মির্জা, রুনা খান, সামিরা খান মাহি, শবনম ফারিয়া, সালমান মুক্তাদির, শেখ শাদী, শাম্মী ইসলাম নীলা, ও হৃদি শেখসহ অনেকেই মিথিলার জন্য ভোট চেয়েছেন।

মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৪তম আসর অনুষ্ঠিত হবে আগামী ২১ নভেম্বর, থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক ক্রেটে।
বিশ্বের ১৩০ জন প্রতিযোগীর মধ্য থেকে কে জিতবেন এবারের মুকুট, তা জানা যাবে ওই দিন। গত বছর ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ের থিলভিগ এই খেতাব জয় করেছিলেন।

বাংলাদেশ থেকে এর আগে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম মিস ইউনিভার্স বাংলাদেশ হিসেবে অংশ নিয়েছিলেন।