ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সফরকারী নেপালের সাথে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর অসাধারণ বাইসাইকেল কিক এবং পেনাল্টি থেকে গোল করার মাধ্যমে এগিয়ে গেলেও ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে নেপালের কর্ণার থেকে গোল হজম করে ম্যাচ ড্রতে শেষ হয়।
প্রথমার্ধে বাংলাদেশ অনেকটাই আগোছালো খেলায় দেখা গেছে। ম্যাচের ৩ ও ২০ মিনিটে কর্ণার নেওয়া হলেও কোন সুযোগ কাজে লাগানো সম্ভব হয়নি। ২৬ মিনিটে রাকিবের টাচে ফাহিমের সুযোগ শেষ মুহূর্তে নষ্ট হয়। ২৯ মিনিটে নেপালের রোহিত চাদ দূর থেকে নেওয়া শটে বাংলাদেশকে ১-০ পিছিয়ে দেন। নেপালের ডিফেন্সের কারণে ৩৭ ও ৪৩ মিনিটে ফাহিমের শট এবং হেডেও বাংলাদেশ গোল করতে ব্যর্থ হয়।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ মাঠে ফিরে শক্তিশালী হয়ে আসে। ৪৬ মিনিটে হামজা চৌধুরীর অসাধারণ বাইসাইকেল কিকের মাধ্যমে সমতা ফেরে (১-১)। ৩ মিনিট পর পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে বাংলাদেশ ২-১ এগিয়ে যায়। তবে ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে নেপালের দিনেশ হেনজানের কর্ণার থেকে গোল হজম করার ফলে বাংলাদেশের জয়ের সুযোগ হাতছাড়া হয়।
ম্যাচে বাংলাদেশের কোচ হাভিয়ের ক্যাবরেরা তিনটি পরিবর্তন এনেছেন। ফাহিম, জায়ান আহমেদ ও সোহেল রানা পরিবর্তে মাঠে নামেন শাকিল আহাদ তপু, মো: হৃদয় ও শাহিরয়ার ইমন। এছাড়া হামজা চোট পাওয়ায় মাঠ থেকে নেমে যায় এবং তাঁর স্থলাভিষিক্ত হয় কিউবা মিচেল।
আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে ছিলেন গোলরক্ষক মিতুল মারমা, তারিক কাজী, তপু বর্মণ, জামাল ভূঁইয়া, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, সোহেল রানা, রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ।
বাংলাদেশি দর্শকরা শেষ মুহূর্তে গোল হজমের ফলে হতাশ হলেও, দলীয় আক্রমণ ও হামজার পারফরম্যান্সে কিছু উজ্জীবন লক্ষ্য করা গেছে।




