বুধবার

,

১০ই ডিসেম্বর, ২০২৫

ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিসে বাংলাদেশের পদক নিশ্চিত

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সৌদি আরবে অনুষ্ঠিত ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিসের মিক্সড ডাবলস ইভেন্টে পদক নিশ্চিত করেছে বাংলাদেশ। বুধবার কোয়ার্টার ফাইনালে মালদ্বীপকে সরাসরি সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ দল।

বাংলাদেশের মো. জাভেদ আহমেদ ও খই খই সাই মারমার জুটি মালদ্বীপের আইশাথ রাফা নাজিম ও মুসা মুন্সেফ আহমেদকে ১৪-১২, ১১-৫ ও ১১-৮ গেমে ৩–০ সেটে পরাজিত করেন। এর ফলে ভারোত্তোলনের পর দ্বিতীয় ডিসিপ্লিন হিসেবে টেবিল টেনিসে বাংলাদেশের পদক নিশ্চিত হলো।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন। বাহরাইনের খেলোয়াড় কেন্ডা মোহাম্মদ অনূর্ধ্ব-১৩ দলের চ্যাম্পিয়ন হলেও, আগের একক ম্যাচে খই খই সাই মারমা তাঁকে ৪–২ ব্যবধানে হারিয়েছিলেন। ফলে সেমিফাইনাল নিয়েও আত্মবিশ্বাসী বাংলাদেশি খেলোয়াড়রা।

বাহরাইনকে হারাতে পারলে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ফাইনালে খেলবে শক্তিশালী তুরস্ক অথবা আজারবাইজানের বিপক্ষে।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন মাকসুদ আহমেদ সনেট সৌদি আরবে অবস্থানরত দলকে ভিডিও কলে অভিনন্দন জানান। পাশাপাশি মিক্সড ডাবলস দলের দুই খেলোয়াড় মো. জাভেদ আহমেদ ও খই খই সাই মারমাকে ২৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন তিনি।

তিনি আরও জানান, রৌপ্য পদক জিতলে দুজনকেই ৫০ হাজার টাকা করে এবং স্বর্ণপদক জিতলে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে।