বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

খেলাপি ঋণ কমাতে আইনের কঠোর প্রয়োগ দাবি ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দেশে খেলাপি ঋণের পরিমাণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। জুনের শেষে খেলাপি ঋণ ২৫ শতাংশ থেকে বেড়ে ২৭ শতাংশে পৌঁছেছে। এই পরিস্থিতিতে খেলাপি ঋণ কমানোর উপায় খুঁজতে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে বৈঠকে বসেছে।

বৈঠকে ব্যাংক প্রতিনিধিরা জানান, বর্তমান নীতি সহায়তা দিয়ে খেলাপি ঋণ কার্যকরভাবে কমানো সম্ভব নয়। বরং আইনের কঠোর প্রয়োগই হতে পারে সমাধান। তারা বলছেন, ব্যবসায়ীরা অল্প ডাউন পেমেন্ট দিয়ে ঋণ পুনঃতফসিল করছেন, কিন্তু পরবর্তী ব্যবসা পরিচালনার সুনির্দিষ্ট পরিকল্পনা দেননি। কেউ ঋণ আদায়ের প্রক্রিয়া শুরু হলে আদালতে রিট করছেন, যার কারণে ঋণ আদায় ব্যাহত হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদ বৈঠকের সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা, বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও আদায় বিভাগের প্রধান।

বৈঠকে ব্যাংক কর্মকর্তারা খেলাপি ঋণগ্রহীতাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার প্রস্তাব দেন। সিটি ব্যাংকের এমডি মাশরুর আরিফিন বলেন, অনেক খেলাপির দেশীয় সম্পদ বিক্রি করে ঋণ আদায়ের ব্যবস্থা নেওয়া সম্ভব। এছাড়া দুর্বল আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ব্যাংক থেকে নেওয়া অর্থ ফেরত দিচ্ছে না, যার দ্রুত সমাধান প্রয়োজন।

মাশরুর আরিফিন আরও উল্লেখ করেন, নীতি সহায়তা ব্যাংক খাতের জন্য বড় সমস্যা তৈরি করেছে। এতে নিয়মিত ঋণগ্রহীতা কিস্তি পরিশোধে আগ্রহী নন এবং ডাউন পেমেন্টের অঙ্ক নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে।

বৈঠকে অংশগ্রহণকারীরা আশঙ্কা প্রকাশ করেন, আইনগত ব্যবস্থা ও বিদেশ গমনে নিষেধাজ্ঞা ছাড়া খেলাপি ঋণ কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না।