আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা বর্তমানে “পিপলস চয়েস” বিভাগে বিশ্বের সেরা তিনের তালিকায় উঠে এসেছেন। এ অর্জনকে বাংলাদেশের জন্য এক নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
মিথিলা তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন—“Keep voting until November 19 to take Bangladesh to Number 1!”
তিনি জানিয়েছেন, মিস ইউনিভার্স অ্যাপের মাধ্যমে বিনামূল্যে ভোট দেওয়া সম্ভব। বাংলাদেশ থেকে অনেকেই ইতোমধ্যে এই ভোটে অংশ নিচ্ছেন।
সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজক সংস্থার তথ্যমতে, শীর্ষস্থান অর্জনের জন্য এখন বাংলাদেশের আরও কিছু ভোট প্রয়োজন। তাই অনুরাগীদের উদ্দেশে আহ্বান— ১৯ নভেম্বর পর্যন্ত ভোট চালিয়ে যাওয়া।
এদিকে, বাংলাদেশি অভিনেতা-অভিনেত্রীরাও মিথিলার পাশে দাঁড়িয়েছেন।
অভিনেত্রী জয়া আহসান ফেসবুকে লিখেছেন, “আমরা অনেকেই ফোনে স্ক্রল করে সময় ব্যয় করি। এর কিছুটা সময় ব্যয় করে বাংলাদেশকে সাপোর্ট করতে তানজিয়া জামান মিথিলাকে ভোট দিন। আপনার প্রতিটি ভোট বাংলাদেশের জন্য মূল্যবান।”
তিনি আরও জানান, “Miss Universe অ্যাপে Bangladesh নির্বাচন করুন, ‘Get Vote’ অপশন বেছে নিয়ে একটি বিজ্ঞাপন ভিডিও দেখুন এবং বিনামূল্যে ভোট দিন। এটি বারবার করা সম্ভব।”
জয়া আহসান ছাড়াও তমা মির্জা, রুনা খান, সামিরা খান মাহি, শবনম ফারিয়া, সালমান মুক্তাদির, শেখ শাদী, শাম্মী ইসলাম নীলা, ও হৃদি শেখসহ অনেকেই মিথিলার জন্য ভোট চেয়েছেন।
ভোটিং পর্বের শুরুতে ৭৩ হাজার ভোট পেয়ে বিশ্বে পঞ্চম স্থানে ছিলেন মিথিলা। কৃতজ্ঞতা জানিয়ে তিনি ফেসবুকে লিখেছিলেন—
“আমি কাঁদছি। সত্যি বলতে জানি না কী বলব। আপনাদের অমূল্য ৭৩,০০০ ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে। সবাইকে কীভাবে ধন্যবাদ জানাব, বুঝতে পারছি না।”
তিনি আরও লিখেছেন, “আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। বাংলাদেশে মুকুটটা আনার জন্য এবার আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ অপ্রতিরোধ্য!”
মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৪তম আসর অনুষ্ঠিত হবে আগামী ২১ নভেম্বর, থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক ক্রেটে।
বিশ্বের ১৩০ জন প্রতিযোগীর মধ্য থেকে কে জিতবেন এবারের মুকুট, তা জানা যাবে ওই দিন। গত বছর ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ের থিলভিগ এই খেতাব জয় করেছিলেন।
বাংলাদেশ থেকে এর আগে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম মিস ইউনিভার্স বাংলাদেশ হিসেবে অংশ নিয়েছিলেন।
তানজিয়া মিথিলার এই অবস্থান শুধু ব্যক্তিগত নয়, বাংলাদেশের সৌন্দর্য, সংস্কৃতি ও প্রতিভার আন্তর্জাতিক স্বীকৃতির প্রতীক। এখন দেশবাসীর ভোটই নির্ধারণ করবে, বাংলাদেশ কি ইতিহাস গড়ে শীর্ষস্থানে উঠবে কিনা।




