বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূর অভিনীত নতুন সিনেমা ‘রঙ্গনা’ মুক্তির আগেই ইউটিউবে প্রকাশ পেয়েছে। অস্ট্রেলিয়ায় অবস্থানরত এই নায়িকা দেশে ফিরে ছবির বাকি কাজ সম্পন্ন করার কথা থাকলেও, আপাতত ফিরতে না পারায় প্রযোজনা প্রতিষ্ঠান এম এস মুভিজ শুটিং হওয়া অংশটুকু পর্ব আকারে ইউটিউবে প্রকাশ করছে।
ইতোমধ্যেই সিনেমাটির ২০ মিনিটের একটি পর্ব ইউটিউবে প্রকাশিত হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন আরাফাত হোসেন এবং প্রযোজনা করেছেন মৌসুমী মিথিলা।
প্রযোজক মৌসুমী মিথিলা জানান, “শাবনূর আপু দেশে ফিরলে আবার নতুন করে ছবিটি শুরু করব। তখন গল্পেও পরিবর্তন আসবে। ফলে আগের দৃশ্যগুলো ব্যবহার করা সম্ভব হবে না। যেহেতু মাঝখানে দীর্ঘ বিরতি পড়েছে, লুকও মিলবে না। তাই ভাবলাম দর্শককে বঞ্চিত করে লাভ কী—যেটুকু শুটিং করেছি, সেটুকুই সবাই দেখুক।”
বেশ ঘটা করেই ‘রঙ্গনা’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছিল। এরপর ঢাকার বিভিন্ন লোকেশন ও পুবাইলে সিনেমাটির অধিকাংশ শুটিং সম্পন্ন হয়। কিন্তু বাকি কাজ শেষ না করেই শাবনূর অস্ট্রেলিয়া ফিরে যান।
শাবনূর জানান, দেশে ফিরে সিনেমার কাজ শেষ করার ইচ্ছে রয়েছে তাঁর। তবে আপাতত সময় লাগবে কিছুটা। এদিকে দর্শক ও ভক্তরা ইউটিউবে প্রকাশিত প্রথম পর্বটি উষ্ণভাবে গ্রহণ করেছেন।




