বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

চাঁদপুরের খুদে ফুটবলার সোহান পাচ্ছে বিকেএসপির পূর্ণ বৃত্তি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচআনী গ্রামের খুদে ফুটবলার সোহান প্রধানিয়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে পূর্ণ বৃত্তি পেতে যাচ্ছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সোমবার নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দেন।

আসিফ মাহমুদ জানান, সোহানকে বিকেএসপিতে রেখে ভবিষ্যৎ একজন দক্ষ ফুটবলার হিসেবে গড়ে তোলা হবে। খবরে সোহানের পরিবার ও গ্রামবাসীর মধ্যে আনন্দের ব্যাপক সাড়া পড়ে।

৬ বছর বয়সী সোহান বর্তমানে পাঁচআনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ছে। তাঁর বাবা সোহেল প্রধানিয়া নিজ এলাকায় সাইকেল মেরামতের কাজ করেন। পরিবারের এবং স্থানীয়দের তথ্য অনুযায়ী, মাত্র তিন বছর বয়স থেকে বাবার সঙ্গে গ্রামের রাস্তায় ফুটবল অনুশীলন শুরু করে সোহান। অল্প সময়ের মধ্যেই সে বেশ কিছু কলাকৌশল আয়ত্ত করেছে।

সোহানের প্রতিভা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফুটবলপ্রেমীরা তাকে দেখতে ছুটে যান এবং বিভিন্ন ফুটবল সামগ্রী উপহার দেন। সম্প্রতি জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকও সোহানের সঙ্গে দেখা করে তাঁকে ফুটবল সামগ্রী উপহার দেন এবং লেখাপড়াসহ খেলাধুলার দায়িত্ব নিতে সম্মত হন।

সোহানের বাবা সোহেল প্রধানিয়া বলেন, “আমি আমার ছেলেকে দেশের জন্য উৎসর্গ করেছি। আল্লাহ যেন তার সব স্বপ্ন পূরণ করেন।”
ছোট ফুটবলার সোহান নিজেও স্বপ্ন দেখেন, তিনি বলেন, “আমি বড় হয়ে মেসির মতো খেলতে চাই।”

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুমা মনি বলেন, “সোহানের প্রতিভা দেখে আমি নিজেও তার সঙ্গে দেখা করেছি। আমরা চাই সে লেখাপড়ার পাশাপাশি একজন ভালো ফুটবলার হয়ে উঠুক।”