কিংবদন্তি গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদ আবরার ফাহাদকে নিয়ে একটি নতুন গান তৈরির ঘোষণা দিয়েছেন। শুক্রবার নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আবরার ফাহাদকে নিয়ে একটা গান করেছি। এটি আমার সেরা গানের একটি হতে যাচ্ছে—প্রতিটি লাইন সবার প্রিয় হবে।” গানটি আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ২০২৬ বড় এক আয়োজনে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
ঘোষণার পর সামাজিক মাধ্যমে ভক্তদের কৌতূহলে তিনি ইঙ্গিত দেন আরও বৃহৎ একটি সংগীত আয়োজনের। প্রিন্স মাহমুদ বলেন, কেউ কিছু করছে দেখে আমি করি—এমন নয়। সময়ের তাগিদে নয়, প্রস্তুতি নিয়েই কাজ শুরু করি। সম্প্রতি বেশ কিছু বাণিজ্যিক কাজ ছেড়েছি শুধু আবরার ফাহাদসহ জুলাই শহীদদের নিয়ে আলাদাভাবে কাজ করার জন্য। জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম আকরম, শাইখ আশহাবুল ইয়ামিনসহ সাতজনকে নিয়ে তিনি ধারাবাহিক গান বানাচ্ছেন।
শুধু একক গান নয়, আগামী বছর দেশপ্রেম ও শহীদদের নিয়ে বড় আকারের অ্যালবাম/প্লে–লিস্ট আনার পরিকল্পনা রয়েছে তার। সেখানে আবরার ও ‘জুলাইযোদ্ধাদের’ পাশাপাশি একাত্তরের চার মুক্তিযোদ্ধাকে নিয়ে ভিন্নধর্মী গান থাকবে। স্বাধীনতা যুদ্ধ, গণহত্যা ও শহীদ বুদ্ধিজীবীদের বিষয়েও তিনি নতুনভাবে কাজ করছেন। ২০০৪–০৫ সালে করা পাঁচটি গান নতুন সাউন্ডে সাজিয়ে আনার কথাও জানান তিনি।
প্রিন্স মাহমুদের ভাষ্য, এটি “কেবল শৈল্পিক উদ্যোগ নয়, দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।” পরিকল্পনা অনুযায়ী অ্যালবামের সূচনা হবে ‘আবরার ফাহাদ’ গানটির প্রকাশনার মধ্য দিয়ে; পরে সব গান একত্রে অ্যালবাম হিসেবে প্রকাশ পাবে।




