বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

বৈশ্বিক ঋণ ১১০.৯ ট্রিলিয়ন ডলার, অর্ধেক আমেরিকা–চীনের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক–অক্টোবর ২০২৫’ অনুযায়ী, বিশ্বের মোট সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১০.৯ ট্রিলিয়ন ডলার। এর অর্ধেকের কাছাকাছি—প্রায় ৫৭ ট্রিলিয়ন ডলার—শুধু আমেরিকা ও চীনের দখলেই। শীর্ষ পাঁচ দেশের হাতে রয়েছে বৈশ্বিক ঋণের ৫৭ শতাংশ, আর শীর্ষ ১০ দেশের হাতে ৮১ শতাংশ।

সবচেয়ে বেশি ঋণ আমেরিকার: ৩৮.২৭ ট্রিলিয়ন ডলার, যা দেশটির জিডিপির ১২৫ শতাংশ। শুধু চলতি বছরেই আমেরিকার ঋণ বেড়েছে ২.৯ ট্রিলিয়ন ডলার। মাথাপিছু হিসেবে প্রতিজন আমেরিকানের ঘাড়ে ঋণ প্রায় ১ লাখ ১১ হাজার ডলার। দীর্ঘদিনের বড় বাজেট ঘাটতিকে এ বৃদ্ধির প্রধান কারণ বলা হয়েছে। তবুও বিনিয়োগকারীদের আস্থা এবং আমেরিকার ট্রেজারি সিকিউরিটিজের বৈশ্বিক চাহিদা ঋণের খরচ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করছে। আইএমএফের হিসাব, চলতি দশকের শেষে আমেরিকায় সরকারি ঋণ–জিডিপি অনুপাত রেকর্ড ১৪৩.৪ শতাংশে পৌঁছাতে পারে।

দ্বিতীয় স্থানে থাকা চীনের ঋণ ১৮.৬৮ ট্রিলিয়ন ডলার। আমেরিকা–চীনের সম্মিলিত ঋণই ছুঁয়েছে প্রায় ৫৭ ট্রিলিয়ন ডলার।

শীর্ষ ১০ ঋণগ্রস্ত দেশ (সরকারি ঋণ) হলো জাপান: ৯.৮ ট্রিলিয়ন ডলার; যুক্তরাজ্য: ৪.১ ট্রিলিয়ন ডলার; ফ্রান্স: ৩.৯ ট্রিলিয়ন ডলার; ইতালি: ৩.৫ ট্রিলিয়ন ডলার; ভারত: ৩.৩৬ ট্রিলিয়ন ডলার; জার্মানি: ৩.২৩ ট্রিলিয়ন ডলার; কানাডা: ২.৬০ ট্রিলিয়ন ডলার; ব্রাজিল: ২.০৬ ট্রিলিয়ন ডলার।

শীর্ষ ১৫–এর বাকি দেশগুলো হলো স্পেন, মেক্সিকো, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া।

আইএমএফের সর্বশেষ মূল্যায়নে দেখা যায়, কিছু বড় অর্থনীতির উচ্চ ঋণই বৈশ্বিক মোট ঋণের বড় অংশ ধরে রেখেছে। আমেরিকায় বাজেট ঘাটতি অব্যাহত থাকলেও ট্রেজারি বাজারে চাহিদা ঋণখরচ সামাল দিচ্ছে; অপরদিকে চীনের অংশও দ্রুত বেড়ে বৈশ্বিক ঝুঁকির মানচিত্রে প্রভাব ফেলছে। শীর্ষ দেশগুলোর ঋণ–পরিচালনা কৌশল ও প্রবৃদ্ধির গতি—আগামী বছরগুলোতে বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতার জন্য নির্ধারক হয়ে উঠবে।