বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম বন্দরের নতুন ট্যারিফে হাইকোর্টের ৩০ দিনের স্থগিতাদেশ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) নতুন ট্যারিফ আদেশ কার্যকরের ওপর ৩০ দিনের জন্য স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ মেরিটাইম ল সোসাইটি (বিএমএলএস) দায়ের করা এক জনস্বার্থ রিটের শুনানি শেষে রবিবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আয়নুন নাহার সিদ্দিকা সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। স্থগিতাদেশ বহাল থাকাকালে নতুন ট্যারিফ বাস্তবায়ন না করতে বন্দর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বিএমএলএস।

বিএমএলএসের পক্ষে ২০ অক্টোবর দাখিল করা রিটে চ্যালেঞ্জ করা হয় সিপিএ জারি করা এসআরও নং ৩৬৪-আইন/২০২৫ (তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৫) এবং সার্কুলার নং ১৮.১৩.০০০০.৫৫১.৩১.০০৯.১৯/৪৭ (তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৫)— যার মাধ্যমে ১৫ অক্টোবর থেকে নতুন (বর্ধিত) ট্যারিফ কার্যকর করার নির্দেশ ছিল।

রিটে অভিযোগ করা হয়, বন্দর কর্তৃপক্ষ প্রণীত নতুন ট্যারিফ সারণিতে পণ্য ও জাহাজের ওপর অতিরিক্ত চার্জ আরোপ করা হয়েছে, যা ‘আইনসম্মত কর্তৃত্ব ছাড়া’ জারি এবং ব্যবসায়িক খাতে অযৌক্তিক চাপ সৃষ্টি করবে।

শুনানি শেষে আদালত বাংলাদেশ সরকার, নৌপরিবহন মন্ত্রণালয় ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষসহ বিবাদীদের প্রতি রুল জারি করে জানতে চেয়েছেন—উক্ত এসআরও ও সার্কুলারকে কেন বেআইনি ও আইনগতভাবে অকার্যকর ঘোষণা করা হবে না। একই সঙ্গে আদালত ৩০ দিনের জন্য সার্কুলারের কার্যকারিতা স্থগিত করেছেন।

বিএমএলএস নেতারা বলেন, আদালতের স্থগিতাদেশ বহাল থাকায় সিপিএকে নতুন ট্যারিফ বাস্তবায়ন থেকে বিরত থাকতে হবে। পরবর্তী আইনি কার্যক্রমে আদালতের নির্দেশনা অনুযায়ী উভয় পক্ষকে সাড়া দিতে হবে বলে তাঁরা জানান।

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের নতুন ট্যারিফ আদেশ কার্যকর হলে আমদানি–রপ্তানি খাতে খরচ বাড়ার আশঙ্কা তুলে ব্যবসায়ীরা আপত্তি জানিয়ে আসছিলেন। আদালতের অন্তর্বর্তী আদেশে আপাতত আগের ট্যারিফ কাঠামোই বহাল থাকছে।