বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর পাঁচ দল নিয়েই হবে—এ তথ্য আগেই জানালেও বৃহস্পতিবার (৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে দলগুলোর নাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রায় প্রতি আসরে মালিকানা বদল ও নাম পরিবর্তন নিয়ে সমালোচনার পর এবার নাম চূড়ান্ত করছে বিসিবি নিজেই।
বিপিএল গভর্নিং কাউন্সিল জানায়, ফ্র্যাঞ্চাইজি নিবন্ধন ও মূল্যায়ন শেষ করে পাঁচটি দলকে অংশগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে দুই দলের নাম অপরিবর্তিত থাকছে—ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। ঢাকা ক্যাপিটালস পরিচালনা করবেন রিমার্ক হারলেন এবং রংপুর রাইডার্সের দায়িত্ব থাকবে বসুন্ধরা কিংস–এর হাতে।
চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি পেয়েছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড; দলের নাম চট্টগ্রাম রয়্যালস। নাবিল গ্রুপের মালিকানায় রাজশাহী ওয়ারিয়র্স, আর ক্রিকেট উইথ সামির মালিকানায় থাকবে সিলেট টাইটানস।
বিসিবির এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে মালিকানা দিলেও পাঁচ কার্যদিবসের মধ্যে ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি না দিতে পারলে কোনো ফ্র্যাঞ্চাইজি প্লেয়ার্স ড্রাফটে অংশ নিতে পারবে না।
আগামী ১৭ নভেম্বর বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। বিপিএলের ১২তম আসর শুরু হবে ১৯ ডিসেম্বর এবং ১৬ জানুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে।
বিপিএলের ফ্র্যাঞ্চাইজি–পরিবর্তন ও নাম–বদল নিয়ে ভক্তদের হতাশা দীর্ঘদিনের। এবারের কাঠামো ও আগাম নাম ঘোষণা সে বিতর্ক কমাতে কতটা ভূমিকা রাখে, নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
বিপিএল দল :
১. ঢাকা ক্যাপিটালস
২. চট্টগ্রাম রয়্যালস
৩. রাজশাহী ওয়ারিয়র্স
৪. রংপুর রাইডার্স
৫. সিলেট টাইটানস




