ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা নতুন এক “বড় কাজ”–কে ঘিরে ভীষণ উচ্ছ্বসিত। একটি সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, নিজেকে কেবল টিভি নাটক বা ওটিটিতেই সীমাবদ্ধ রাখতে চান না; গল্প ও চরিত্র ভালো হলে যে কোনো মাধ্যমে কাজ করবেন। দীর্ঘ বিরতির কারণও ছিল এই বড় প্রজেক্ট— বলেই তিনি জানান।
তানজিন তিশার কথায়, আমি কখনও বলছি না আমি নাটক করব না বা কখনও বলছি না আমি ওটিটি করব না। আমি একজন অভিনেত্রী, আমার যদি গল্প ভালো লাগে, আমার যদি অভিনয় করার জায়গা হয়, সেটা যেকোনো কিছু হতে পারে। সেটা যদি মঞ্চ নাটকও হয়, যেটা আমি কখনও করিনি, সেটাও করব।
মাঝে অনেকদিন কাজ থেকে দূরে থাকার কারণ জানিয়ে তিনি বলেন, একটি খুব ভালো এবং বড় প্রজেক্টের জন্য বিরতি প্রয়োজন ছিল। তাই অনেকদিন কাজ করিনি, সেটা আমার চিন্তাভাবনা।
নতুন কাজের ব্যাপারে তানজিন তিশা বলেন, একটা ভালো কাজ ও বড় কাজ করতে যাচ্ছি। আমি অনেক অনেক বেশি এক্সাইটেড। আমি আমার টিম ছাড়া কিছু বলতে চাই না। আপনাদের সবার দোয়া ও সহযোগিতা চাই।
ভালো কাজের সঙ্গেই থাকতে চান জানিয়ে এই অভিনেত্রী বলেন, ভালো কাজ দিয়েই এখানে দাঁড়িয়ে আছি। ভালো কাজ ছাড়া কিন্তু লাইফে কিছু নেই। তাই ভালো কাজ দিয়েই থাকতে চাই। আর বাকি ডিটেইলস বলতে চাই, কাজ যখন সাকসেসফুলি শেষ হবে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে শাকিব খানের বিপরীতে তিশার অভিষেকের গুঞ্জন শোনা গিয়েছিল তবে তা গেল মাসেই বাস্তবে রূপ নেয়। সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন শাকিব খান ও তানজিন তিশা। ইতোমধ্যেই সিনেমাটির শুটিং শুরু হয়েছে।




