বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আমেরিকা থেকে ১ বিলিয়ন ডলারের সয়াবিন আমদানির চুক্তি ৩ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দেশের তিন শীর্ষ ভোজ্যতেল প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান—সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ ও ডেল্টা গ্রুপ—আমেরিকার বাণিজ্য সংগঠন ইউএসএসইসি-এর সঙ্গে ১ বিলিয়ন ডলারের সয়াবিন আমদানি চুক্তি সই করেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়। উদ্যোগটি বাংলাদেশ–আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন গতি আনার পাশাপাশি দেশে সয়াবিন সরবরাহ স্থিতিশীল করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশে বছরে ভোজ্যতেলের চাহিদা প্রায় ২৪ লাখ টন; এর বিপরীতে স্থানীয় উৎপাদন প্রায় ৩ লাখ টন। ফলে মোট প্রায় ৯০ শতাংশ চাহিদা আমদানিনির্ভর, যার বড় অংশ এতদিন ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে আসে। নতুন এই চুক্তি আমেরিকার বাজার থেকে সরাসরি সয়াবিন সংগ্রহ বাড়ানোর একটি কাঠামোগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউএসএসইসি–এর সিইও কেভিন এম. রোপকে বলেন, “সয়াবিন রফতানির মাধ্যমে ব্যবসায়িক সম্পর্কের উন্নতির পাশাপাশি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত হবে।”
সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান বলেন, “কৃষিভিত্তিক ব্যবসা ও খাদ্য নিরাপত্তায় এই চুক্তি ভূমিকা রাখবে। দ্বিপাক্ষিক বাণিজ্য এগিয়ে নিতে এটি পারস্পরিক লাভজনক। বাংলাদেশের খাদ্য ও তেলের সরবরাহ ব্যবস্থায় আমেরিকার সঙ্গে চুক্তি ইতিবাচক প্রভাব ফেলবে।”
মেঘনা গ্রুপের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল জানান, “চুক্তির ফলে বাংলাদেশের ভোক্তা প্রতিযোগিতামূলক দামে সয়াবিন পাবে।”
ডেল্টা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিরুল হক মনে করেন, “এতে দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন গতি আসবে।”

অনুষ্ঠানে অংশ নিয়ে আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন বলেন, “বাংলাদেশের বাজারে আমেরিকা এখন বিলিয়ন ডলারের রফতানি সহযোগী। ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।”

প্রসঙ্গত, চলতি বছরের আগস্টে পাল্টা শুল্ক ও বাণিজ্য ঘাটতি ইস্যুতে আমেরিকার বাজার থেকে গম, সয়াবিন, তুলা, বোয়িংসহ বিভিন্ন পণ্য কেনার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ। সেই অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় এই সয়াবিন আমদানি চুক্তি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

সর্বশেষ ২০২৪–২৫ অর্থবছরে আমেরিকা থেকে ২৫০ কোটি ডলার আমদানি করেছে বাংলাদেশ; অন্যদিকে আমেরিকায় রফতানি হয়েছে ৬২৬ কোটি ডলার। নতুন চুক্তি কার্যকর হলে আমদানি–রফতানি দুইমুখী প্রবাহ আরও ভারসাম্যপূর্ণ হওয়ার পাশাপাশি দেশের ভোজ্যতেল বাজারে সরবরাহের নিশ্চয়তা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।