বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

অক্টোবরে রপ্তানি আয় বৃদ্ধি ৫.৪১%, আয় ৩.৮২৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

চলতি বছরের অক্টোবরে বাংলাদেশের রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩,৮২৩.৮৬ মিলিয়ন ইউএস ডলার, যা সেপ্টেম্বরের তুলনায় ৫.৪১% বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হিসাবে ২০২৫–২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই–অক্টোবর) মোট রপ্তানি আয় ১৬,১৩৭.০৩ মিলিয়ন ডলার—গত অর্থবছরের একই সময়ে ১৫,৭৮৬.৩২ মিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ২.২২%।

রপ্তানিতে তৈরি পোশাক খাত তার শীর্ষস্থান ধরে রেখেছে; অক্টোবর ২০২৫-এ আয় ৩,০১৯.৯৪ মিলিয়ন ডলার। নিটওয়্যার ও ওভেন—দুটি উপখাতই প্রধান চালিকাশক্তি।
চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, ওষুধ, জাহাজ, চিংড়ি এবং হালকা প্রকৌশলসহ অন্যান্য খাতও ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে।

বাংলাদেশি পণ্যের প্রধান রপ্তানি গন্তব্য হিসেবে আমেরিকা ও যুক্তরাজ্য তাদের শীর্ষস্থান ধরে রেখেছে। এই দুই বাজারে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৬.৮৯ শতাংশ এবং ২.৮২ শতাংশ।

একই সময়ে চীন, সৌদি আরব, কানাডা এবং স্পেনে বাংলাদেশের রপ্তানি যথাক্রমে ২৫ শতাংশ, ১৫.৩৭ শতাংশ, ১২.৩৬ শতাংশ এবং ১২.৬৪ শতাংশ বেড়েছে।

বছরওয়ারি (প্রবৃদ্ধি তুলনামূলক মৃদু হলেও মাসওয়ারি ধারাবাহিক বৃদ্ধি এবং প্রধান খাতগুলোর দৃঢ় পারফরম্যান্সে রপ্তানি খাতের স্থিতিশীলতা ও বৈশ্বিক প্রতিযোগিতা প্রতিফলিত হচ্ছে বলে ইঙ্গিত দিচ্ছে ইপিবির হিসাব।