বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

পোশাকশিল্পে উৎপাদনশীলতা বাড়াতে বিজিএমইএ–এনপিও সহযোগিতা চুক্তি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দেশের তৈরি পোশাকশিল্পে উৎপাদনশীলতা, প্রযুক্তিগত উৎকর্ষ ও বৈশ্বিক প্রতিযোগিতা বাড়াতে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

বৃহস্পতিবার এনপিও কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নথিতে স্বাক্ষর করেন বিজিএমইএ পরিচালক জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম এবং এনপিও সভাপতি মো. নুরুল আলম।

চুক্তি অনুযায়ী, পোশাকশিল্পকে ইন্ডাস্ট্রি ৪.০–উপযোগী করতে দুই সংস্থা যৌথভাবে প্রশিক্ষণ কর্মসূচি, সেমিনার ও পরামর্শসেবা পরিচালনা করবে। উৎপাদনশীলতা ও অপারেশনাল উৎকর্ষে ৫এস, কাইজেন ও লিন ম্যানুফ্যাকচারিং–এর মতো আধুনিক পদ্ধতি প্রয়োগে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এমওইউ–এর অংশ হিসেবে প্রতিবছর তিনটি তৈরি পোশাক কারখানাকে ‘মডেল এন্টারপ্রাইজ’ হিসেবে বাছাই করে এনপিওর কারিগরি সহায়তায় উৎপাদনশীলতা বৃদ্ধির পাইলট প্রকল্প নেওয়া হবে। পাশাপাশি এশিয়ান প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এপিও)–এর সহায়তায় গবেষণা ও সক্ষমতা উন্নয়নমূলক উদ্যোগে যৌথভাবে কাজ করবে পক্ষগুলো।

স্বাক্ষর অনুষ্ঠানে বিজিএমইএ–র প্রতিনিধি বলেন, বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তন, প্রযুক্তিগত রূপান্তর ও সাপ্লাই–চেইনের নতুন বাস্তবতায় ইন্ডাস্ট্রি ৪.০ গ্রহণ এখন সময়ের দাবি। “শুধু কম খরচ নয়, প্রয়োজন গুণগত মান, দক্ষতা, গতি ও উদ্ভাবনের সমন্বয়,”—বলেন তিনি।

বিজিএমইএ পরিচালক জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম জানান, “স্মার্ট ম্যানুফ্যাকচারিং–এ যেতে উৎপাদন ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তি, আইওটি ও ইনোভেশন সংযুক্ত করা জরুরি।”

বিজিএমইএ–এনপিও অংশীদারিত্বকে তৈরি পোশাকশিল্পকে টেকসই, আধুনিক ও প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তরের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।