স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ও বিচ্ছেদের গুঞ্জনকে ভিত্তিহীন জানালেন চিত্রনায়িকা পূর্ণিমা। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে আগের স্ট্যাটাসের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “আমার দেওয়া স্ট্যাটাসের সঙ্গে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই।” ওই পোস্টে তিনি স্বামী রবিনকেও ট্যাগ করেন।
পূর্ণিমা জানান, আগের স্ট্যাটাসটি ছিল জীবনের অভিজ্ঞতার প্রতিফলন, কোনো ব্যক্তিগত সংকটের ইঙ্গিত নয়। তিনি লিখেছেন, “সুদিনে মানুষের বন্ধুর অভাব হয় না… দুর্দিনে এদের খুঁজে পাওয়া ভার!”—নিজের ওই মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি মানুষের চারপাশে যা ঘটে, সেটিকেই কেন্দ্র করে স্ট্যাটাসটি লেখা হয়েছিল; আমাকেও সুসময়ের বন্ধু ও স্বার্থপরদের মুখোমুখি হতে হয়েছে।

গুঞ্জন ছড়ানো ও কিছু গণমাধ্যমের আচরণে ক্ষোভ জানিয়ে পূর্ণিমা লেখেন, “লেখাটির কিছু অংশ আগে–পিছে না বুঝে অনেকে আমার পারিবারিক জীবনের সঙ্গে মিলিয়ে ফেলেছে। সেখান থেকে কিছু সংবাদমাধ্যম সত্যতা যাচাই না করেই চটকদার শিরোনাম দিয়েছে—যা আমাকে বিস্মিত ও মর্মাহত করেছে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত উপস্থিত থাকা এ অভিনেত্রীর ইনস্টাগ্রামে ২.৮ মিলিয়ন অনুসারী রয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে দেশ–বিদেশে দর্শক ও সংবাদকর্মীদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে পূর্ণিমা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই ভালোবাসা অব্যাহত থাকবে।
নব্বই দশকের শেষ দিকে ঢালিউডে অভিষেক ঘটে পূর্ণিমার। জাকির হোসেন পরিচালিত এ জীবন তোমার আমার (১৯৯৭) দিয়ে বড় পর্দায় পথচলা শুরু করেন তিনি। তাঁর অভিনীত নঈম ইমতিয়াজ নেয়ামুলের গাঙচিল ও জ্যাম মুক্তির অপেক্ষায় রয়েছে।




