বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশাল জয়ে সিরিজ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

টানা চারটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হারার পর অবশেষে জয়মাল্য ফিরল বাংলাদেশের ঘরে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানে হারিয়ে ২–১ ব্যবধানে সিরিজ জিতেছে মেহেদি হাসান মিরাজের দল। রান ব্যবধানে এটি বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং ক্যারিবীয়দের বিপক্ষে সর্বোচ্চ জয়।

প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৬ রান তোলে বাংলাদেশ। দারুণ ওপেনিং জুটিতে সাইফ হাসান (৭২ বলে ৮০) ও সৌম্য সরকার (৮৬ বলে ৯১) গড়েন ১৭৬ রানের পার্টনারশিপ—ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি। এরপর তাওহিদ হৃদয় (২৮) ও নাজমুল হোসেন শান্ত (৫৫ বলে ৪৪) ইনিংসটি এগিয়ে নেন। শেষ দিকে নুরুল হাসান সোহান (৮ বলে অপরাজিত ১৬) ও অধিনায়ক মিরাজ (১৭ বলে ১৭) যোগ করেন দ্রুত রান। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন ৪১ রানে ৪ উইকেট ও অ্যালিক আথানাজে ৩৭ রানে ২ উইকেট নেন।

জবাবে ২৯৬ তাড়ায় স্পিনে নাস্তানাবুদ হয় ওয়েস্ট ইন্ডিজ; ৩০.১ ওভারে অলআউট ১১৭। নাসুম আহমেদ (৩/১১), সিরিজসেরা রিশাদ হোসেন (৩ উইকেট) ও তানভীর ইসলাম (২) মিলে ধস নামান; শেষ দুই উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করেন অধিনায়ক মিরাজ (২)। ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ রান আকিল হোসেনের ১৫ বলে ২৭; ব্র্যান্ডন কিং করেন ১৮।

সিরিজের প্রথম ম্যাচে ৭৪ রানে জিতেছিল বাংলাদেশ, দ্বিতীয়টি সুপার ওভারে জিতে সমতায় ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচের বড় জয়ে ১৯ মাস পর (সর্বশেষ ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে) আবারও ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা। এরপর আফগানিস্তানের কাছে দুইবার, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার কাছে একবার করে সিরিজ হারার হতাশা কাটাল তারা।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ২৯৬/৮, ৫০ ওভার (সৌম্য ৯১, সাইফ ৮০; আকিল ৪/৪১)
ওয়েস্ট ইন্ডিজ ১১৭/১০, ৩০.১ ওভার (আকিল ২৭, কিং ১৮; নাসুম ৩/১১)
ফল: বাংলাদেশ ১৭৯ রানে জয়ী।

ম্যাচসেরা: সৌম্য সরকার
সিরিজসেরা: রিশাদ হোসেন

পরবর্তী সূচি: ২৭ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ; বাকি ম্যাচ ২৯ ও ৩১ অক্টোবর।