মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে চলমান ৩৪তম জাতীয় সাঁতার প্রতিযোগিতার তৃতীয় দিনও নতুন রেকর্ডের সাক্ষী হয়েছে। বুধবার প্রতিযোগিতায় তিনটি নতুন জাতীয় রেকর্ড গড়ায় এবারের আসরে মোট রেকর্ডের সংখ্যা বেড়ে ১৫টি হয়।
নৌবাহিনীর তারকা সাঁতারু সামিউল ইসলাম রাফি ১০০ মিটার ব্যাক স্ট্রোকে জাতীয় রেকর্ড গড়েছেন। রাফি ৫৭.৯৫ সেকেন্ডে এই দৌড়ে জয়লাভ করে ২০২৩ সালে নিজেই স্থাপন করা ৫৮.৪৫ সেকেন্ডের রেকর্ড ভেঙে দেন। এ নিয়ে প্রতিযোগিতায় তার ব্যক্তিগত ইভেন্টে মোট ছয়টি এবং একটি দলীয় ইভেন্টে রেকর্ড স্থাপন হলো।
বাকি দুটি রেকর্ড :
পুরুষদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক: সেনাবাহিনীর তন্ময় মালি ২৯.৫৯ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড স্থাপন করেন।
নারীদের ৪×২০০ মিটার ফ্রিস্টাইল রিলে: নৌবাহিনীর এ্যানি, রূপা, যুথী ও টুম্পা জুটি নতুন রেকর্ড গড়ে নাম লেখান।
তৃতীয় দিন শেষে বাংলাদেশ নৌবাহিনী শীর্ষে রয়েছে, ২৭টি স্বর্ণ, ২০টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জসহ মোট ৫৭টি পদক অর্জন করেছে। বাংলাদেশ সেনাবাহিনী ৯টি স্বর্ণ, ১৬টি রৌপ্য ও ২৩টি ব্রোঞ্জসহ মোট ৪৮টি পদক নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। বিকেএসপি ৩টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জসহ মোট ১২টি পদক নিয়ে তৃতীয় অবস্থানে আছে।
ওয়াটার পোলো প্রতিযোগিতার ফাইনালে স্থান পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী। ফাইনাল অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।
প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।




