বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

পুনরায় উৎপাদনে ফিরছে প্যাসিফিক জিন্স গ্রুপের সাত কারখানা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

শ্রমিক বিক্ষোভ ও অনাকাঙ্ক্ষিত ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) প্যাসিফিক জিন্স গ্রুপের সাতটি কারখানা বৃহস্পতিবার থেকে পুনরায় খুলে দেওয়া হচ্ছে। এতে কর্মহীন হয়ে পড়া প্রায় সাড়ে তিন হাজার শ্রমিকের অনিশ্চয়তা কাটল।

মঙ্গলবার রাতে প্যাসিফিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীরের স্বাক্ষরিত এক নোটিশে কারখানাগুলো খোলার ঘোষণা দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, “সম্প্রতি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ বাধ্য হয়ে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৯–এর ধারা ১২(১) অনুযায়ী ১৬ অক্টোবর থেকে কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল। বর্তমানে সার্বিক পরিস্থিতির উন্নতি ও অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় আগামী ২৩ অক্টোবর থেকে কারখানা পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এতে আরও বলা হয়, কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত সময়ে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থেকে উৎপাদন কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করতে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত ১৪ ও ১৫ অক্টোবর মজুরি ও অন্যান্য সুযোগ–সুবিধা নিয়ে প্যাসিফিক গ্রুপের বিভিন্ন কারখানায় শ্রমিকদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ১৬ অক্টোবর শ্রমিক ও কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে।

সেই রাতে প্যাসিফিক জিন্স, প্যাসিফিক অ্যাটায়ারস, প্যাসিফিক অ্যাকসেসরিজ, প্যাসিফিক ওয়ার্কওয়্যারস, ইউনিভার্সেল জিন্স, এইচটি ফ্যাশন এবং জিন্স–২০০০—এই সাতটি কারখানা বন্ধের নোটিশ জারি করা হয়।

কারখানা বন্ধ ঘোষণার পরদিনও (১৮ অক্টোবর) শ্রমিকরা কর্মস্থলে এসে বিক্ষোভ করেন। অবশেষে আজ (বৃহস্পতিবার) থেকে উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় শ্রমিকদের কর্মস্থলে ফেরার পথ খুলল।