বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

সাবেক স্ত্রী ও ডনসহ ১১ আসামি সালমান শাহ হত্যা মামলায়

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর রমনা থানায় সোমবার দিবাগত রাতে এ মামলা নথিভুক্ত হয়। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক, সালমান শাহর মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযুক্ত করা হয়েছে সালমানের সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, আত্মীয় লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ মোট ১১ জনকে। এছাড়া আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়েছিল। তখন এই ঘটনাকে অপমৃত্যু হিসেবে দেখানো হলেও, নীলা চৌধুরী সবসময় দাবি করেছেন—তার ছেলেকে হত্যা করা হয়েছে।

রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম জানিয়েছেন, মামলা এজাহার হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মামলার পুনরায় তদন্তের সিদ্ধান্তের ফলে দীর্ঘ ২৯ বছর পর সালমান শাহর মৃত্যুর ঘটনা নতুন দিকপানে এগোতে চলেছে।