বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

জাতীয় সাঁতারে প্রথম দিনেই চার নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

জাতীয় সাঁতার প্রতিযোগিতার প্রথম দিনেই পুলে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন সাঁতারুরা। শনিবার (১৯ অক্টোবর) মিরপুরের সাঁতার কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধনী দিনে মোট চারটি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন দেশের সেরা সাঁতারুরা।

সবচেয়ে আলোচিত পারফরম্যান্স এসেছে নৌবাহিনীর কাজল মিয়ার কাছ থেকে। তিনি একদিনে দুটি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন।

প্রথমে ২০০ মিটার ফ্রিস্টাইলে কাজল ভেঙেছেন দেশের অন্যতম কৃতী সাঁতারু মাহফিজুর রহমানের নয় বছরের পুরনো রেকর্ড। এরপর ২০০ মিটার বাটারফ্লাইয়ে নিজেই ভেঙেছেন নিজের গত বছরের রেকর্ড। দুই ইভেন্টেই অসাধারণ পারফরম্যান্সে শিরোপা জিতে নিয়েছেন এই নৌবাহিনী সাঁতারু।

তাঁর পাশাপাশি আলো ছড়িয়েছেন সামিউল ইসলাম রাফি। তিনি ব্যক্তিগতভাবে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। এর বাইরে নৌবাহিনীর হয়ে ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতেও রেকর্ডে নাম তুলেছেন তিনি।

মেয়েদের বিভাগেও পিছিয়ে নেই নৌবাহিনী। ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে নতুন জাতীয় রেকর্ড গড়েছে নৌবাহিনীর নারী দল। যদিও প্রথম দিনে কোনো নারী সাঁতারু ব্যক্তিগতভাবে নতুন রেকর্ড গড়তে পারেননি, তবে রোমানা আক্তার জোড়া সোনা জিতে নজর কাড়েন। তিনি ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক ও ২০০ মিটার বাটারফ্লাইয়ে শিরোপা জেতেন।

বাংলাদেশ সাঁতার ফেডারেশনের কর্মকর্তারা জানান, এবারের জাতীয় প্রতিযোগিতায় নতুন রেকর্ডের সংখ্যা ও পারফরম্যান্স প্রমাণ করছে—দেশের সাঁতার এখন ক্রমশ এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক মানের দিকে।